নেইমারের একটাই চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে নেইমার
সংবাদ সম্মেলনে নেইমার

কীভাবে শুরু হলো ব্রাজিলের বিশ্বকাপ? নেইমার কি গোল পেয়েছেন?
যখন লিখছি, প্রশ্নগুলোর উত্তর প্রায় ১২ ঘণ্টা দূরে। কিন্তু যখন পড়ছেন, আপনার তা জানা হয়ে গেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামার ২৪ ঘণ্টারও বেশি আগে সংবাদ সম্মেলনের খবর কি তাহলে ‘মেয়াদোত্তীর্ণ’ হয়ে যাওয়ার কথা নয়!
না, তা হচ্ছে না। গত পরশু বিকেলে অ্যারেনা করিন্থিয়ানসে ব্রাজিল দলের সংবাদ সম্মেলন ক্রোয়েশিয়া ম্যাচ ছাড়িয়ে এত দূর ব্যাপ্ত হলো যে, সেটি প্রাসঙ্গিক থাকছে বিশ্বকাপজুড়েই। নোটে চোখ বুলিয়ে একটু বিস্মিতই হচ্ছি, স্কলারি ও নেইমারকে ক্রোয়েশিয়া নিয়ে একটি প্রশ্নও তো করা হয়নি!
ব্রাজিলিয়ানদের কাছে বিশ্বকাপের একটাই অর্থ—ট্রফি। দ্বিতীয় হলেও কোনো ক্ষমা নেই। সংবাদ সম্মেলনের স্কলারি ও নেইমারকে দেখে কে বলবে, এই অসীম চাপ তাঁদের সঙ্গী! স্কলারি তো শুরুতেই ঘোষণা করে দিলেন, ‘এটা আমাদের বিশ্বকাপ।’
এর আগে একবার বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলের সর্বশেষ ট্রফিটি তাঁর হাত ধরেই। স্কলারি এমন বলতেই পারেন। কিন্তু নেইমার? ২২ বছরের তরুণ কাঁধে ২০ কোটি ব্রাজিলিয়ানের স্বপ্নপূরণের ভার। অথচ কী নির্ভারই না লাগল তাঁকে! কথায় কথায় হাসলেন। স্কলারির সঙ্গে খুনসুটি করলেন। পাশাপাশি বসে যেন কোচ আর খেলোয়াড় নন, দুই বন্ধু!
কখনো কখনো তো স্কলারি তা-ই। নিজেই বললেন, ‘খেলোয়াড়দের কাছে আমি কখনো বাবা, কখনো চাচা, কখনো বা বন্ধু।’ আর দলের খেলোয়াড়দের প্রতি একটাই বার্তা—‘সবার আগে দল’। সেই মন্ত্রে দীক্ষিত ব্রাজিলের নাম্বার টেন পরিষ্কার জানিয়ে দিলেন, সেরা খেলোয়াড় বা সর্বোচ্চ গোলদাতা হওয়াটা তাঁর অগ্রাধিকার তালিকাতেই নেই। চাওয়া শুধু একটাই—বিশ্বকাপ!
নেইমারের সঙ্গে প্রশ্নোত্তর পর্বটা হুবহুই তুলে দিই না কেন!
অবশেষে দুয়ারে বিশ্বকাপ। কেমন লাগছে?
নেইমার: আমি বলব, সময় এসে গেছে। শুধু ব্রাজিলিয়ানরা নয়, পুরো বিশ্ব অপেক্ষায়। আমি একটু উদ্বিগ্ন, আবার অসম্ভব খুশিও। বন্ধুবান্ধবের কাছ থেকে অনেক মেসেজ পেয়েছি। ছোট থাকতে আমরা কতজনই না এই স্বপ্ন দেখেছি! সবার এই পর্যন্ত আসা হয়নি। বিশ্বকাপ জিতে আমি সবার স্বপ্ন পূরণ করতে চাই।
প্রতিটি বিশ্বকাপ জয়ে একজন নায়ক থাকে। ব্রাজিলের সর্বশেষ দুটি জয়ে যেমন রোমারিও ও রোনালদো। এর আগে আরও অনেকে। পুরোনো ভিডিও দেখেছেন ওঁদের? এঁদের মধ্যে কেউ কি আছেন, যাঁকে আইডল মানেন?
নেইমার: ওদের খেলা আমি দেখেছি। রোমারিও, রোনালদো...এঁরা সব স্পেশাল প্লেয়ার। শুধু ওঁরাই নয়, আরও অনেকেই আমাকে অনুপ্রাণিত করেছে। মেসির কাছে আমি অনুপ্রেরণা পেয়েছি, ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে...এরা হলো যাকে বলে স্টার প্লেয়ার। তবে আমি অন্য কারও মতো হতে চাই না, নিজের মতো করেই সফল হতে চাই।
বিশ্বকাপে অন্য দলগুলো হয়তো ব্রাজিলের বিপক্ষে গোলের সামনে দেয়াল গড়ে তুলবে। সেটি ভাঙার মতো ধৈর্য আছে তো এই দলের?
নেইমার: এই দলের ধৈর্যের কোনো অভাব নেই। আমরা জানি, সামনে কঠিন ম্যাচ আসবে। এটা বিশ্বকাপ, এখানে প্রস্তুতিটা একদম নিখুঁত হতে হবে। ভুল না করার চেষ্টা করতে হবে। আমরা সে জন্যই তৈরি হচ্ছি। সমর্থকদের কাছে আমার একটাই চাওয়া, ম্যাচজুড়ে সমর্থন। সমর্থকেরা শুধু আমাদের দ্বাদশ খেলোয়াড়ই নয়, তার চেয়েও গুরুত্বপূর্ণ। সব ম্যাচে সারাক্ষণ আমরা সমর্থন চাই।
পেলে ১৯৫৮ সালে আবির্ভাবেই বিশ্বকাপ জিতিয়েছিলেন। সবাই বলছে, নেইমারও এমন কিছু করতে পারে...
নেইমার: আমি আমার সতীর্থদের সাহায্য করতে প্রস্তুত । ওদের জন্য আমি যেকোনো কিছু করতে পারি। ফুটবলটা একা খেলা যায় না। এটা ১১ জনের খেলা। যারা বেঞ্চে থাকবে, তারাও গুরুত্বপূর্ণ। সবারই ভূমিকা আছে। সবাই তা ঠিকঠাক পালন করলে আমরা অনেক দূর যাব।
বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার লক্ষ্য কি আছে? বা সেরা স্ট্রাইকার?
নেইমার: আমি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে চাই না। সেরা স্ট্রাইকার হওয়াটাও আমার লক্ষ্য নয়। আমি শুধু দলের জন্য বিশ্বকাপ জিততে চাই।
রাত পোহালেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এমন সব ম্যাচের আগে রাতে ঘুম হয়?
নেইমার: একটা সময় ম্যাচের আগের রাতে ঘুমাতে সমস্যা হতো। একবারের কথা মনে পড়ছে। সান্তোসের হয়ে

লিবার্তাদোরেস ফাইনালের আগের রাতে ঘুমই আসছিল না। ভোর ৫টা-৬টার দিকে ঘুমাতে পেরেছিলাম। গানসো ছিল আমার রুমমেট। তবে এখন আমি অনেক পরিণত, এখন আর ঘুমে সমস্যা হয় না।
১২ বছর আগে ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল। সেই ২০০২ বিশ্বকাপের কি স্মৃতি মনে পড়ে?
নেইমার: আমার সেভাবে মনে নেই। শুধু মনে আছে, আমি রোনালদোর মতো হেয়ারকাট দিয়েছিলাম। আর ব্রাজিলের সমর্থনে তো গলা ফাটিয়েছিই। মনে পড়ছে, জেতার পর দাদির বাড়িতে গিয়েছিলাম। আর তেমন কিছু মনে নেই।
কে হবেন এই বিশ্বকাপের তারকা?
নেইমার: অনেকেই হতে পারে। অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমি মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান। ওঁরা দুজনই সত্যিকার তারকা খেলোয়াড়।
ব্রাজিলের ১০ নম্বর জার্সি অনেক কিংবদন্তির গায়ে উঠেছে। সেই জার্সি পরে খেলতে নামার অনুভূতিটা কেমন?
নেইমার: এটা বিরাট সম্মানের ব্যাপার। আমার আগে এমন সব তারকা এই ১০ নম্বর জার্সি গায়ে খেলেছে! আমি ঠিক করে রেখেছি, আমার প্রথম জার্সিটা মাকে দেব। আমার জীবনে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার ছেলে, আমার বাবা, আমার বোনও খুব গুরুত্বপূর্ণ। তবে সবার ওপরে মা।
ব্রাজিলের ১০ নম্বর ২০১০ সালের পর গোল করেনি। সেই খরা ঘোচাতে আপনি কেমন একটা গোলের কথা কল্পনা করেন?
নেইমার: (দুই পাশে দুই হাত ছড়িয়ে হাসি) আমি কল্পনা করি, খুব সহজ একটা গোল। সামনে গোলকিপার নেই, শুধু একটা টোকা দিয়েই গোল করে ফেলছি। এই বিশ্বকাপে গোলের প্রথম উদ্যাপনটা আমি করতে চাই।
(এক সাংবাদিক মাইক্রোফোন নিয়ে বললেন, আমি কোনো প্রশ্ন করব না। আমি চাই নেইমার স্কলারিকে একটা প্রশ্ন করুন, আর স্কলারি নেইমারকে)
হাসি মুখে নেইমারের প্রশ্ন: প্রফেসর, কাল কি আমি দলে আছি? আমি কি খেলব? এই প্রশ্নটার উত্তর পেলে আমি শান্তিতে ঘুমাতে পারব।
স্কলারির উত্তর: এ নিয়ে ভেবো না। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। তুমি খেলবে, আমি চাই তুমি শান্তিতে ঘুমাও।