নেইমারের এত দাম!

কথা হচ্ছিল ন্যু ক্যাম্পের সংস্কার নিয়ে। কিন্তু অবধারিতভাবেই চলে এল নেইমার প্রসঙ্গ। বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোজেল অবশ্য অবিচলিত, ‘আমি জানি আপনারা এটা নিয়ে প্রশ্ন তুলবেন, তাই দুটি কথা শুরুতেই বলে দিচ্ছি। প্রথমত, আমি আবারও নিশ্চিত করছি নেইমারকে কিনতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরোই খরচ হয়েছে। আগেও অনেকবার এটা বলেছি। পুরো ব্যাপারটাই আইনসিদ্ধ ও স্বচ্ছ। এখানে গোপন করার কিছু নেই।’”
হঠাৎ করে নেইমারের দলবদল নিয়ে কথা উঠল কেন? এল মুন্দোর অনুসন্ধানী প্রতিবেদনে স্পেনজুড়েই যে তোলপাড় চলছে। স্প্যানিশ পত্রিকাটির দাবি, নেইমারকে কিনতে আসলে নয় কোটি ৫০ লাখ ইউরো লেগেছে বার্সার। সেটি প্রমাণ করার মতো দলিলপত্রও তাদের হাতে আছে।
নেইমারের দলবদল নিয়ে শুরু থেকেই একটা ধোঁয়াশা ছিল। পাঁচ কোটি ৭০ লাখ ইউরোর বড় একটা অংশ পেয়েছে নেইমারের বাবার বিপণন প্রতিষ্ঠান এন অ্যান্ড এন। সান্তোস পেয়েছে কিছু টাকা। তখন বলা হয়েছিল, সান্তোসে নতুন প্রতিভা খোঁজা ও সাও পাওলোর বস্তির শিশুদের সাহায্য করতে বার্সেলোনা বেশ কিছু টাকা দেবে। এল মুন্দোর দাবি, এই পুরো টাকাটাই যাচ্ছে নেইমারের বাবার পকেটে।
পত্রিকাটির হিসাব অনুযায়ী পুরো চুক্তিটা এ রকম, নেইমারের বাবার প্রতিষ্ঠান পাবে চার কোটি ইউরো, সান্তোস এক কোটি ৭০ লাখ ইউরো, সান্তোসের তরুণ তিন খেলোয়াড়ের স্বত্ব বাবদ ৭৯ লাখ ইউরো, ৯০ লাখ ইউরো দুই দলের প্রীতি ম্যাচের জন্য, নেইমারের বাবার কমিশন ৮৫ লাখ ইউরো, ২৬ লাখ ইউরো এজেন্টদের ফি ও চুক্তি-পরবর্তী বোনাস বাবদ আরও এক কোটি ইউরো।
সাকল্যে ৯ কোটি ৫০ লাখ ইউরো! তার মানে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে প্রায় ১০ লাখ ইউরো বেশি খরচ হয়েছে নেইমারকে কিনতে!
কিন্তু লুকোচুরির দরকার হলো কেন? স্প্যানিশ পত্রপত্রিকার অনুমান, রাজস্ব ফাঁকি দিতেই এমনটা করেছে বার্সা। এমনিতেই স্পেনে করের হার ৫২%, যেটিকে ‘কম’ বলা যাবে না কোনোভাবেই। তিন কোটি ৮০ লাখ ইউরো কম দেখিয়ে বার্সা হয়তো অনেক টাকাই বাঁচিয়েছে!
গেরো আরও আছে। এল মুন্দোর দাবি, ট্রফি-জয়ের বোনাস পেলে নেইমারের বার্ষিক বেতন দাঁড়াতে পারে এক কোটি ২০ লাখ ইউরো। অথচ বার্সা বলছে, নেইমারের বেতন সর্বোচ্চ ৭৫ লাখ ইউরো। মেসি বছরে কত পান? ৯০ লাখ ইউরো। তার মানে এল মুন্দোর প্রতিবেদন ঠিক হলে নেইমারের বেতন মেসির চেয়েও বেশি হতে পারে!
কিছুদিন আগেই পুরো ব্যাপারটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত। দেখার বিষয়, কোথাকার পানি কোথায় গড়ায়! ওয়েবসাইট, রয়টার্স।