নেইমারের গোলে এগিয়ে বার্সা
স্প্যানিশ লিগের নতুন দুই মুখ নেইমার আর গ্যারেথ বেলের ‘এল ক্লাসিকো’ অভিষেকটা হলো পুরোপুরিই ভিন্ন ধারায়। নেইমারকে দেখা গেল যেমন উজ্জলভাবে, ঠিক ততটাই নিস্প্রভ হয়ে থাকলেন মিলিয়ন ডলার ম্যান বেল। প্রথমার্ধে বার্সেলোনা এগিয়ে আছে নেইমারের গোলেই। অন্যদিকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি বেল। জোড়ালো একটা শট নিলেও সেটা চলে গেছে বার্সেলোনা গোলপোস্টের অনেক উপর দিয়ে। উল্টো হলুদ কার্ড দেখে কিছুটা চাপেই আছেন বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়।
প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বলের দখল ছিল বার্সেলোনার দখলে। রিয়ালের রক্ষণভাগে বেশ কয়েকবার ভীতিও ছড়িয়েছেন মেসি-ইনিয়েস্তা-জাভি-ফেব্রিগাস-নেইমাররা। ১৯ মিনিটে কাতালানদের গোলটি এসেছে ইনিয়েস্তা আর নেইমারের চমত্কার সমন্বয় থেকে। বেশ কিছুটা দৌড়ে এসে নেইমারের দিকে বল বাড়িয়েছিলেন ইনিয়েস্তা। রিয়ালের পেনাল্টি বক্সের ভেতরে বলটা পেয়ে দুইজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে চমত্কারভাবে বল জালে জড়িয়েছেন নেইমার। এক মিনিট পরেই গোলের সুযোগ পেয়েছিলেন মেসিও। কিন্তু তাঁর নেওয়া শটটি চলে যায় গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে।