নেইমারের গোলে ব্রাজিলের জয়
কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল জিতবে—এটা তো প্রত্যাশিতই। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই জয়টি পেয়েছে প্রত্যাশার চেয়েও অনেক অনেক কঠিন পথে। স্কোরও সেই সাক্ষ্যই দিচ্ছে। পরশু সান হোসের প্রীতি ম্যাচে ব্রাজিল উত্তর আমেরিকার দেশ কোস্টারিকাকে হারিয়েছে ১-০ গোলে। বৃষ্টি আর বাজে খেলার প্রদর্শনীতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারাটাই ছিল মানো মেনেজেসের জন্য স্বস্তির।ব্রাজিল কোচকে এই স্বস্তিটা দিয়েছেন নেইমার। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনিই। গত ২৮ সেপ্টেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয়েও একটি গোল করেছিলেন এই তরুণ প্রতিভা।পরশু রাতেই শুরু হয়েছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলা। ব্রাজিলকে বাছাইপর্বের কঠিন পথ মাড়াতে হচ্ছে না স্বাগতিক বলে। এটা এক দিক দিয়ে স্বস্তির। কিন্তু অন্য চোখে এর একটা অসুবিধাও আছে। বাছাইপর্ব খেলে অন্যদের যেমন সুযোগ থাকছে চূড়ান্ত মঞ্চের জন্য দল গড়ে তোলার, ব্রাজিল কোচ সেই সুযোগ পাবেন না। এ সমস্যা কাটিয়ে উঠতেই ব্রাজিল বেছে নিয়েছে যত বেশি সম্ভব প্রীতি ম্যাচ খেলার পথ। আগামী মঙ্গলবারই যেমন দক্ষিণ আমেরিকার অন্য দলগুলো যখন মুখোমুখি হবে বাছাইপর্বের ম্যাচে, ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে।গোল ছাড়া এ ম্যাচের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করেছে কোস্টারিকা। কিন্তু গোল তারা করতে পারেনি। উল্টো খেলার ধারার বিপরীতে ৬০ মিনিটে এগিয়ে যায় ব্রাজিলই। বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই ফ্রেডের উদ্দেশ্যে ক্রস বাড়ান বার্সেলোনা ডিফেন্ডার দানি আলভেজ, বল কোস্টারিকার গোলরক্ষককে অতিক্রম করলে ফাঁকায় দাঁড়ানো নেইমার ভুল করেননি। এই ম্যাচেই ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে অভিষেক হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ফ্যাবিওর। কিন্তু মাত্র ৫৫ মিনিট খেলেই তিনি মাঠ ছেড়েছেন চোট পেয়ে। তাঁর জায়গায় মাঠে নামেন আলভেজ। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘এটা ছিল কঠিন ম্যাচ। কোস্টারিকা এলেবেলে দল নয়। কিন্তু আমাদের দল জানে কীভাবে চাপ নিয়ন্ত্রণ করতে হয় এবং আমরা জিততে পেরেছি।’পরশু রাতে আরও চারটি প্রীতি ম্যাচে জাপান ১-০ গোলে ভিয়েতনামকে, অস্ট্রেলিয়া ৫-০ গোলে মালয়েশিয়াকে, ইউক্রেন ৩-০ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। দক্ষিণ কোরিয়া পোল্যান্ডের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। রয়টার্স, ওয়েবসাইট।