নেইমারের চার ও আলোচনায় বার্সা
ম্যাচটা ছিল ব্রাজিলের পলিস্তা চ্যাম্পিয়নশিপে, উনাইয়ো বারবারেন্সের সঙ্গে। সান্তোস জিতল ৪-০ গোলে, জয়টা নেইমারময়। সব গোলই নেইমারের। পেতে পারতেন আরও কয়েকটি গোল। অফসাইড বলে বাতিল হয় একটি, পোস্টে লেগে ফিরেছে একটি শট। মজার ব্যাপার হচ্ছে, বার্সেলোনার সঙ্গে কথা বলতে এই ম্যাচের কয়েক ঘণ্টা আগেই নেইমারের বাবা দুজন এজেন্টসহ উড়ে গিয়েছিলেন বার্সেলোনায়। এখন তো পরিষ্কার, ব্রাজিল স্ট্রাইকার আগামী মৌসুমের শেষে ঠিকানা বানাতে পারেন ন্যু ক্যাম্পকে। বাবা যখন বার্সেলোনায়, তখন ছেলে নেইমার জ্বলে উঠলেন মাঠে। চার গোল করে মাঠ ছাড়ার পর নেইমারের কণ্ঠে তৃপ্তির অনুভূতি ‘এটা দারুণ সন্তুষ্টির একটা অনুভূতি। এটা খুব তৃপ্তিদায়ক যে বার্সেলোনা আমাকে নিয়ে কথা বলছে। আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। আমি শুধু ওদের (বার্সাকে) ধন্যবাদই দিতে পারি।’বার্সেলোনার এজেন্ট আন্দ্রে কুরির কথায় মনে হতেই পারে, নেইমারের ন্যু ক্যাম্পে আসাটা এখন শুধু সময়ের ব্যাপার। দক্ষিণ আমেরিকা থেকে বার্সার খেলোয়াড় কেনার বিষয়টি নাকি তিনিই দেখভাল করেন। রেডিও গ্লোবোকে জানিয়েছেন, নেইমারই দক্ষিণ আমেরিকা থেকে বার্সার প্রথম পছন্দ, ‘সে (নেইমার) যখন সান্তোস ছাড়তে চাইবেন, আমরা প্রস্তুত থাকব।’ নেইমার অবশ্য আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে ব্রাজিল ছাড়ার সম্ভাবনা কম। তবে কুরি দিয়েছেন অন্য ইঙ্গিতও, ‘আমরা বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করব। কিন্তু সম্ভব হলে এই গ্রীষ্মেই আমরা আলোচনা শুরু করে দিতে চাই।’সান্তোস যেমন নেইমারের ওপর অতিনির্ভর, বার্সেলোনাও তেমনি অতিমাত্রায় মেসিনির্ভর। নেইমার বার্সেলোনায় এলে দুটি ক্লাবই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে বলে মনে করেন কুরি। তবে বার্সেলোনারই লাভ বেশি দেখছেন এই এজেন্ট, ‘আগামী দুই-তিন বছরের মধ্যে মেসি বার্সেলোনার ব্যাটনটা সঁপে দিতে পারবে নেইমারের হাতে, যেমন করে রোনি (রোনালদিনহো) ওটা তুলে দিয়ে গেছেন মেসির হাতে।’ ওয়েবসাইট।