নেইমারের চুক্তি নিয়ে ব্রাজিলেও তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমারের ‘বিতর্কিত’ দলবদল নিয়ে তদন্ত হবে ব্রাজিলে। দেশটির আইন বিভাগ বুধবার আয়কর বিভাগকে নির্দেশ দিয়েছে বার্সেলোনার সঙ্গে চুক্তিটি খতিয়ে দেখার। বিতর্কিত এই চুক্তির কারণে এরই মধ্যে পদত্যাগ করতে হয়েছে বার্সার সভাপতি সান্দ্রো রোসেলকে। সান্তোস থেকে নেইমারকে নিয়ে আসতে পাঁচ কোটি ৭১ লাখ ইউরো খরচ দেখিয়েছিল বার্সেলোনা। কিন্তু পরে প্রকাশ পায়, অঙ্কটা আসলে ৮ কোটি ৬২ লাখ ইউরো! এই বাড়তি অর্থের গন্তব্য নিয়েই যত বিতর্ক। যদিও গত কয়েক দিনে বার্সেলোনা ও নেইমারের বাবার পক্ষ থেকে ট্রান্সফার ফি, সাইনিং বোনাস, কমিশন, বিপণন ও নেইমার ফাউন্ডেশনের জন্য সুনির্দিষ্ট অঙ্কের হিসাব দেওয়া হয়েছে। কিন্তু এবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ আতসী কাচের নিচে নিয়ে পর্যালোচনা করবে চুক্তিটিকে। এএফপি।