নেইমারের চোট এবং স্কলারির উল্টো অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বর্গ থেকে এক ধাপ আগে কাকে চান? জার্মানি না ফ্রান্স?
রিও ডি জেনিরোর অদূরে তেরেসোপলিসে ব্রাজিলের বেস ক্যাম্প। সেখানে প্রশ্নটা করে নাকি স্কলারির দাবড়ানি খেয়েছেন এক ব্রাজিলিয়ান সাংবাদিক। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে নিয়ে চিন্তার একশেষ, উনি এসেছেন সেমিফাইনালে কার সঙ্গে খেলতে চাই জানতে! স্কলারির রাগ করাই স্বাভাবিক।
‘স্বর্গ’কে মর্ত্যধামে টেনে এনেছেন স্কলারিই। দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে জয়ের পর বলেছেন, ‘এটা হলো চতুর্থ ধাপ। স্বর্গে পৌঁছাতে আর মাত্র তিন ধাপ বাকি।’ পরবর্তী ধাপ কলম্বিয়া। সেটি জিতলে সেমিফাইনাল। যেখানে হয় জার্মানি, নয় ফ্রান্স। তাতেও জিতলে ১৩ জুলাই মারাকানা—স্বর্গের দুয়ারে ব্রাজিল।
কিন্তু দ্বিতীয় রাউন্ডে চিলি যেমন প্রায় ‘নরক’ দেখিয়ে দিয়েছে, তাতে কলম্বিয়াকে নিয়েও স্কলারি কীভাবে নির্ভার থাকেন? চিলি যেমন অনেক আগেই অস্বস্তির কাঁটা বুনে দিয়েছিল মনে, কলম্বিয়া তা নয়। তার পরও দক্ষিণ আমেরিকান দল তো! ব্রাজিলের সাবেক তারকাদের অবশ্য একটা ব্যাপারে একমত দেখা যাচ্ছে, কলম্বিয়া চিলির মতো ভোগাবে না। কারণ কলম্বিয়ার খেলাটা চিলির মতো আঁটসাঁট নয়। ওরা অনেক উন্মুক্ত ফুটবল খেলে। ব্রাজিলও তাই নিজেদের খেলাটা খেলার মতো জায়গা পাবে।
আগামী শুক্রবারের এই ম্যাচ নিয়ে ব্রাজিলে এমনই উন্মাদনা যে পারলে ব্রাজিলিয়ানদের সবাই সেদিন ফোর্তালেজার এস্তাদিও কাস্তেলাওয়ে গিয়ে হাজির হয়! সেটি তো আর সম্ভব নয়। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজারেরও কম। গ্রুপ জিতলে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল এখানেই হবে জানাই ছিল। এই ম্যাচের টিকিট নাকি বিক্রি শুরু হতে না-হতেই শেষ! কালোবাজারে কিছু টিকিট নাকি মিলছে; তার যা দাম, তা দিয়ে সোনার হরিণ মেলে।
নকআউট পর্বের সব ম্যাচই কোনো একটি দলের জন্য বিয়োগান্ত গল্প। ফোর্তালেজার কোয়ার্টার ফাইনালও তা-ই হবে। তবে সেটি শুধু একটি দলের জন্য নয়। এই বিশ্বকাপকে আলোড়িত করে তোলা দুই তরুণের একজনের বিশ্বকাপও যে শেষ হয়ে যাবে সেদিন।
একজন বিশ্বকাপ শুরুর আগে থেকেই তারকা। আরেকজন তারকা বিশ্বকাপে এসে। মাস সাতেকের ছোট-বড়। তবে পূর্ণ সংখ্যায় বয়স বলতে গেলে দুজনেরই ২২। নেইমার ও জেমস রদ্রিগেজ দুজনেরই এটি প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে দুজনকে। এমন এক ম্যাচে, যেখানে হারলেই সব শেষ।
চিলিয়ানদের মার খেয়ে বাঁ ঊরু ফুলে গেছে নেইমারের। চোট পেয়েছেন ডান হাঁটুতেও। ম্যাচে অতটা বোঝা যায়নি। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কলারি নেইমারের চোটের কথা বলে উদ্বেগটা ছড়িয়ে দিলেন পুরো ব্রাজিলে। কোয়ার্টার ফাইনালে নেইমারকে পাওয়া যাবে কি না, এ নিয়ে সংশয়ের সুরটা এমন একটা আতঙ্কের স্রোত হয়ে ছড়িয়ে পড়ল যে সেদিন থেকেই ব্রাজিলিয়ান টেলিভিশনে মিনিট দশেক পরপরই নেইমারকে নিয়ে আপডেট। একই ফুটেজ বারবার দেখানো থেকে পরিষ্কার, আসলে সে অর্থে আপডেট নেই। শেষ পর্যন্ত সেই আপডেট পাওয়া গেল গত পরশু।
ব্রাজিলিয়ানদের জনমনে উদ্বেগটা এই পর্যায়ে পৌঁছেছে যে গত পরশু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে হয়েছে। এতে জানানো হয়েছে, চিকিৎসক নেইমারকে পরীক্ষা করে দেখেছেন। শুক্রবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে কোনো সংশয় নেই। ব্রাজিলের বেস ক্যাম্পে শয়ে শয়ে সাংবাদিক। নেইমারকে অনুশীলনে না দেখলে তাঁরা যদি আবার আতঙ্ক ছড়িয়ে দেন, এটা মাথায় রেখে নেইমার যে দু-একটা ট্রেনিং সেশন মিস করতে পারেন, জানিয়ে দেওয়া হয়েছে তা-ও।
নেইমারকে যেভাবে মারধর করা হচ্ছে, স্কলারি তাতে খুবই ক্ষুব্ধ। ক্ষোভটা রেফারির ওপরই বেশি। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই সংবাদ সম্মেলনে নেইমারের ওপর সম্ভাব্য আক্রমণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্কলারিকে। স্কলারি বলেছিলেন, ‘আমি এটা নিয়ে ভাবছি না। এটা ঠেকানোর দায়িত্ব রেফারির।’ নেইমারও একই সুরে রেফারির ওপর আস্থা রেখেছিলেন, ‘ওসব ভেবে তো আর আমি খেলতে পারি না। রেফারি আছেন, তিনি নিশ্চয়ই দেখবেন।’ নেইমার রেফারিং নিয়ে কিছু বলেননি। তবে স্কলারির কথা শুনে মনে হচ্ছে, সেই আস্থায় চিড় ধরেছে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিল যে পেনাল্টিটি পেয়েছিল, তাতে অনেকেই প্রশ্ন তুলেছিলেন ফিফা স্বাগতিক দলের পক্ষ নিচ্ছে কি না। চিলির উইঙ্গার আলেক্সিস সানচেজও ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে রেফারির ‘পক্ষপাতিত্বের সম্ভাবনা’ নিয়ে আগাম শঙ্কা প্রকাশ করে রেখেছিলেন। অথচ চিলির বিপক্ষে ম্যাচের পর স্কলারি অভিযোগ করেছেন, ব্রাজিলই বরং রেফারির একপেশে সিদ্ধান্তের শিকার হচ্ছে। যা কিছু ভুল হচ্ছে ব্রাজিলকেই ভুগতে হচ্ছে। স্বাগতিকদের পক্ষ নিতে পারেন ভয়ে অন্য দলগুলো যে দাবি জানিয়েছিল, এখন স্কলারিরও সেই ‘সামান্য চাওয়া’, ‘আমরা যদি চ্যাম্পিয়ন হতে চাই, তাহলে নিয়ম সবার জন্য একই হতে হবে। সেটি হচ্ছে কি না, সন্দেহ হওয়ার যথেষ্ট কারণ আছে।’
স্বর্গের পথে কাঁটা হিসেবে তাহলে শুধু কলম্বিয়া-জার্মানি বা ফ্রান্সকেই নয়, ‘বাঁশুরিয়া’কেও দেখছেন ফেলিপাও!