নেইমারের চেয়ে দামি বেল!
নেইমারকে পাওয়া যায়নি। শেষ বেলায় বাজির দান জিতে নিয়েছে বার্সেলোনা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও যেন নিজেকেই নিজে সান্ত্বনা দিয়েছিলেন, একজন ফুটবলারের জন্য দেড় শ মিলিয়ন ইউরো খরচ করা একটু বাড়াবাড়ি হয়ে যায়! দলবদলের বাজারে হঠাৎ পাওয়া এই হোঁচটটা সামলাতে গ্যারেথ বেলের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বেলের এজেন্ট জোনাথন বারনেট যা বলেছেন, তাতে পেরেজ আবারও ভড়কে যান কি না, কে জানে! নেইমারকে পেতে বার্সেলোনার যত খরচ হয়েছে, গ্যারেথ বেলের জন্য নাকি তার চেয়েও বেশি টাকা খরচ করতে হবে রিয়ালকে!কেন বেলের দামটা নেইমারের চেয়ে বেশি হবে, মার্কা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেটাও অবশ্য খোলাসা করে বলেছেন বারনেট, ‘ও (বেল) নেইমারের চেয়ে ভালো ফুটবলার। বিশ্বের অন্যতম সেরা লিগে খেলে সে নিজেকে প্রমাণ করেছে।’ শুধু এটুকু নয়, কেনাবেচার এই বাজারে যাতে বেলকে সম্মানটাও ঠিকঠাক দেওয়া হয়, সে বিষয়ে কড়া নজর বারনেটের, ‘আমি আশা করব, কোনো ক্লাব নেইমারকে পায়নি বলে বেলকে নেবে, এমন যাতে না হয়। কারও বিকল্প নয়, বরং বেলকেই সেই ক্লাবের প্রথম পছন্দ হতে হবে।’বোঝাই যাচ্ছে, সদ্য শেষ হওয়া মৌসুমে ২৫ গোল করা টটেনহাম উইঙ্গারের এজেন্টের দায়িত্বটা ভালোই পালন করছেন বারনেট। আক্ষেপ শুধু বেলের এই দারুণ পারফরম্যান্সের পরও আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে পারেনি টটেনহাম। রিয়াল মাদ্রিদে গেলে এই আক্ষেপ আর থাকবে না তাঁর। এএফপি।