নেইমারের চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এভাবেই কাঁদতে দেখা গেল নেইমারকে। ছবি: রয়টার্স
জাতীয় সঙ্গীত গাওয়ার সময় এভাবেই কাঁদতে দেখা গেল নেইমারকে। ছবি: রয়টার্স

খেলার মাঠে ফুটবলারদের কাঁদতে দেখা যায় দুটি ক্ষেত্রে। সাফল্যের আনন্দে আর পরাজয়ের বেদনায়। কিন্তু গতকাল নেইমার কাঁদলেন ম্যাচ শুরুর আগেই, দেশের জাতীয় সংগীত বাজানোর সময়। ফের্তোলেজার স্টেডিয়ামভর্তি দর্শক যেভাবে জাতীয় সংগীতের সঙ্গে গলা মিলিয়েছিলেন, তাতে নিশ্চয়ই ভীষণভাবে আবেগমথিত হয়ে উঠেছিলেন ২২ বছর বয়সী এই তারকা। দেশপ্রেমের সেই আবেগই জল হয়ে গড়িয়েছে নেইমারের দুই গাল বেয়ে।

জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে পারাটা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই নতুন করে প্রমাণিত হয়েছে নেইমারের কান্না দেখে। মেক্সিকোর বিপক্ষে দারুণ পারফরম্যান্সও দেখিয়েছেন ব্রাজিলের পোস্টার বয়। মেক্সিকান গোলরক্ষক ওচোয়ার দুর্দান্ত কিছু সেভের কারণে গোলবঞ্চিত হতে হয়েছে নেইমারকে। কিন্তু পুরো ম্যাচেই যে নিজের সেরাটা উজাড় করে দিতে চেয়েছেন, তা নিয়ে কারোরই সন্দেহ নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও দুটি গোল এসেছে তাঁর পা থেকেই।

জাতীয় সংগীতের সময় নেইমারের কান্নার এই ছবিটা শোরগোল ফেলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও। ফেসবুকে ইতিমধ্যেই ছবিটা পছন্দ করেছেন ১৪ লাখ মানুষ। এমন দৃশ্যে ‘লাইক’ না দিয়ে কি পারা যায়?