নেইমারের চোখে বিশ্বসেরা মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে দুটি ‘বিতর্কিত’ প্রশ্নের সমাধান দিলেন নেইমার! প্রথম প্রশ্ন, কে বেশি প্রতিভাবান—লিওনেল মেসি নাকি নেইমার? দ্বিতীয় প্রশ্ন, কে সেরা—লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো?দুই কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা ও পেলে উত্তপ্ত কথাবার্তা বলে মাঝেমধ্যেই প্রথম প্রশ্ন নিয়ে বিতর্কটা উসকে দেন। পেলের চোখে, মেসির চেয়ে অনেক বেশি প্রতিভাবান ব্রাজিলের তরুণ ফুটবলার নেইমার। অন্যদিকে মেসির সঙ্গে তুলনা দূরে থাক, নেইমারের মধ্যে যেন কোনো প্রতিভাই খুঁজে পান না ম্যারাডোনা। দ্বিতীয় প্রশ্নটা নিয়ে এই মুহূর্তে ফুটবলবিশ্বে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। এই বিতর্কটা মূলত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের মাধ্যমে উত্সারিত হলেও এটি ছড়িয়ে পড়েছে তাবত্ ফুটবলভক্তদের মধ্যেই। ব্রিটিশ দৈনিক সানের খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী নেইমার জানিয়েছেন, নিজেকে মেসির সঙ্গে তুলনায় যাওয়ার মতো যোগ্য মনে করেন না তিনি। এমনকি তুলনায় যেতে রাজি নন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও। তাঁর চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।‘পেলের মতো একজনের প্রশংসা পেয়ে আমি অবশ্যই খুশি। কিন্তু আমার চোখে মেসিই বিশ্বসেরা খেলোয়াড়। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোসহ অনেকেই আমার চেয়ে অনেক উপরে।’ বলেছেন ব্রাজিলের সম্ভাবনাময় তারকা নেইমার।ব্রাজিলের অলিম্পিক অভিযান নিয়েও কথা বলেছেন নেইমার। ফর্মহীনতায় থাকা রোনালদিনহোর দলের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তরুণ নেইমারই এখন অলিম্পিক অভিযানে ব্রাজিলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সমর্থকদের দৃষ্টি থাকবে অবশ্য দানি আলভেজ ও থিয়াগো সিলভার ওপরও। নেইমার জানিয়েছেন, দেশে অলিম্পিক সোনা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন তিনি।নেইমার বলেন, ‘ফেডারেশনের প্রেসিডেন্টকে এরই মধ্যে আমি প্রতিশ্রুতি দিয়েছি, ব্রাজিলে এবার অলিম্পিক সোনা ফিরিয়ে আনব।’ গ্রুপ পর্বে ব্রাজিল খেলবে মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রতিপক্ষ সম্পর্কে নেইমার বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দলগুলো সম্পর্কে খুব বেশি জানা নেই আমার। কিন্তু সবার প্রতি শ্রদ্ধা রাখতে হবে আমাদের। আশা করছি, ভালো করতে পারব আমরা।’