নেইমারের চোখে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের চোখে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের স্বপ্ন! ছবি: ফিফাডটকম।
নেইমারের চোখে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের স্বপ্ন! ছবি: ফিফাডটকম।

২০১০ বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারের ঠাঁই না হওয়ার পর কার্লোস দুঙ্গাকে সইতে হয়েছিল একটার পর একটা সমালোচনার তির। চার বছর পর দুয়ারে কড়া নাড়ছে আরেকটি বিশ্বকাপ। সে বিশ্বকাপ আবার ঘরের মাঠেই। বড় কোনো অঘটন না ঘটলে নেইমারের বিশ্বকাপ না খেলার কোনো কারণ নেই। জানুয়ারিতে জুরিখে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এ ব্রাজিলীয় সেনসেশন ফিফাডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে জানালেন, চক্ষে তাঁর ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালের স্বপ্ন!

সাক্ষাত্কারটি অবশ্য ফিফার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে গতকাল। সে যা হোক, প্রশ্নোত্তর পর্বটি ছিল এ রকম: লিওনেল মেসিকে সব সময়ই প্রশংসার বন্যায় ভাসান, কিন্তু আসছে বিশ্বকাপে একই লক্ষ্য (বিশ্বকাপ জেতা) নিয়ে আপনার ঘোর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হবেন তিনি।

নেইমার: (হেসে) সত্যি তা-ই! তাঁর (মেসি) সঙ্গে সম্ভাব্য ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল নিয়ে কথা বলেছি, অবশ্য ব্রাজিলকে বিজয়ী ধরেই। আমি সব সময়ই তাঁর বিরাট ভক্ত। আমার সৌভাগ্য, প্রতিদিন ওনার সঙ্গে কাজ করার সুযোগ পাই। আর সবকিছুর ব্যাপারেই তাঁর মঙ্গল কামনা করি।

এরপর নেইমারকে প্রশ্ন করা হয়েছিল, সতীর্থ হিসেবে তিনি (মেসি) কি আপনাকে বিস্মিত করেন? ব্রাজিলীয় ফরোয়ার্ডের জবাব, ‘ভীষণ বিস্মিত করেন। মনেই থাকে না, একটা সময় টিভিতে তাঁকে দেখতাম মহাতারকা হিসেবে।’ ফিফাডটকমের শেষ প্রশ্নটি ছিল: আমাদের জন্য বাক্যটি পূরণ করুন—‘২০১৪ সালে নেইমার হবেন...’ বার্সা তারকা শূন্যস্থান পূরণ করলেন এভাবে, ‘(এক গাল হেসে) একজন বিশ্বকাপ বিজয়ী!’  ফিফাডটকম।