নেইমারের চোখে মেসির 'পঞ্চক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক আশঙ্কা বলা ঠিক হবে না, বলা যেতে পারে সংশয়। এক বনে যেমন দুই বাঘ থাকতে পারে না, তেমনি মেসি-নেইমার জুটিও জমবে না—এমনও বলেছেন অনেকে। নেইমার-মেসির যুগলবন্দী সফল হবে কি না সেটার চূড়ান্ত রায় দেওয়ার সময় এখনো আসেনি। তবে নেইমার যেভাবে মেসির প্রশংসায় পঞ্চমুখ, তাতে তাঁদের বন্ধুতা যে জমে উষ্ণতা ছড়িয়েছে, সেটা পরিষ্কার।

মেসি-মুগ্ধতার কথা জানিয়েছেন বার্সায় আসার আগেই। বার্সায় মেসির সঙ্গে খেলতে পেরে নেইমারের উচ্ছ্বাস যেন ক্রমেই ঊর্ধ্বমুখী। ব্রাজিলিয়ান তারকা পরশু আবার বললেন, ‘লিওনেল মেসির সঙ্গে খেলা? সে অন্য উচ্চতার খেলোয়াড়। আমি তাকে শ্রদ্ধা করি। গত চারবার সে বিশ্বের সেরা খেলোয়াড় ছিল। এটা আবার জেতার মতো সবকিছুই সে করছে।’ ফিফা-ব্যালন ডি’অর টানা চারবার জিতেই অনন্য ইতিহাস গড়েছেন মেসি। নেইমার যেন দিব্যদৃষ্টিতে মেসির ‘পঞ্চক’ দেখছেন।

বার্সায় মাত্রই এসেছেন, থিতু হতে আরও সময় লাগার কথা। কিন্তু নিজের স্বাভাবিক খেলার বদলে কিছুটা কি খোলসের ভেতরই ঢুকে যাচ্ছেন না? নেইমার তেমনটা মনে করেন না, ‘আমি আগের মতোই আছি। আমি এখানে বোতলবন্দী হয়ে নেই। আগের ক্লাব সান্তোসে যেমন পেতাম, ব্রাজিলে যেমন পাই, বার্সা আমাকে আক্রমণে সেই স্বাধীনতাই দিচ্ছে। ফেলিপে স্কলারি (ব্রাজিল কোচ) আসার পর আমি ফুলব্যাককে সাহায্য করতে নিচে নামি। আর বার্সার দর্শনও এমন, বিশেষ করে বল হারিয়ে ফেললে।’

এর মধ্যে মেসিকে দিয়ে একটা গোল করিয়েছেন নেইমার। নিজের সেরাটা অবশ্য এখনো দেখাতে পারেননি। বলছেন নতুন ক্লাবে এসে অনেক কিছুই শিখছেন, ‘আমার লক্ষ্য বিশ্বের সেরা সব প্রতিযোগিতায় খেলা। আমি বার্সার হয়ে সেটাই করছি, একটু একটু করে সতীর্থদের চিনছি। তারাও আমাকে বুঝতে পারছে। বার্সেলোনায় আমার জীবনটা অনেক নির্ভার যাচ্ছে। সবকিছু ভালোমতোই হচ্ছে। আমি আসলেই শহরটাকে পছন্দ করি। ক্লাব ও যাদের সঙ্গে আমি কাজ করি তাদেরও।’ ওয়েবসাইট।