নেইমারের চোট ফুটবলের বিরাট ক্ষতি: সাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের চোট ফুটবলের ‘বিরাট ক্ষতি’ মনে করছেন সাবেলা। ছবি: রয়টার্স
নেইমারের চোট ফুটবলের ‘বিরাট ক্ষতি’ মনে করছেন সাবেলা। ছবি: রয়টার্স

নেইমার হতে পারেন ঘোর প্রতিদ্বন্দ্বীর বড় অস্ত্র, তবুও যেকোনো বিচারেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটে ভীষণ ব্যথিত আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা। বললেন, বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়া ফুটবলের ‘বিরাট ক্ষতি’।
বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর নেইমার প্রসঙ্গে সাবেলা বললেন, ‘যারা ফুটবলকে ভালোবাসে এবং খেলাটাকে জানে, তাদের জন্য এটি দুঃসংবাদ। আমি সেরা খেলোয়াড়দের ভীষণ ভালোবাসি। আমার মতো ফুটবলপ্রেমী মানুষের কাছে মনে হয়, নেইমারের মতো খেলোয়াড় ছিটকে পড়া মানে তাকে দেখার সুযোগ নষ্ট হওয়া। এটি বিরাট ক্ষতি।’
ব্রাজিলের প্রধান স্বপ্ন-সারথির আকস্মিক বিদায়ে যারপরনাই ব্যথিত আর্জেন্টিনা কোচ। এ কারণে বললেন, ‘যেখানে একটি দলের বিশ্বকাপ স্বপ্ন এখনো জিইয়ে আছে, সেখানে এমন চোট বিরাট ক্ষতি। ওর প্রতি আমার ভালোবাসা রইল। তার দ্রুত আরোগ্য কামনা করি ।’ এএফপি, রয়টার্স।