ক্লাব-জাতীয় দলের ‘রশি টানাটানি’তে শতবার্ষিকী কোপা আমেরিকায় খেলতে পারেননি। তবে লম্বা ছুটিটা খারাপও কাটছে না নেইমারের। যুক্তরাষ্ট্রেই আছেন, সময়টা চুটিয়ে উপভোগও করছেন। কখনো নিউইয়র্ক মেটসের খেলোয়াড়দের সঙ্গে বেসবলে ব্যাট নিয়ে নেমে পড়ছেন, কখনো কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে ফুটবল নিয়ে করছেন কারিকুরি। এক মুহূর্তে হয়তো সেরেনা উইলিয়ামসের সঙ্গে সুইমিং পুলের পাশে, তো পরের মুহূর্তে এল বাস্কেটবল তারকা স্টিফেন কারির সঙ্গে তাঁর জার্সি বদলের ছবি। সবই যখন করলেন, ভেগাসে গিয়ে পোকার খেলাটা আর বাকি থাকবে কেন! খেললেন নেইমার, জিতলেনও। একটা ‘অর্জন’ও হয়ে গেছে ব্রাজিল ফরোয়ার্ডের, আগামী ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের মূল ইভেন্টে জায়গা করে নিয়েছেন। শুধু ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বাদ না পড়লে ছুটিটা সম্ভবত ষোলো আনাই উপভোগ করতে পারতেন নেইমার। ফক্স স্পোর্টস।