নেইমারের জন্য রিয়ালের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষবারের মতো সান্তোসের জার্সি গায়ে মাঠে নামা, তারপর চোখের জলে বিদায়। একটি কাজই শুধু বাকি ছিল। পরশু আনুষ্ঠানিক চুক্তিপত্রে সেই সইটাও হয়ে যাওয়ায় সান্তোসের নেইমার আপাতত আগামী পাঁচ বছরের জন্য ‘বার্সেলোনার নেইমার’ হয়ে গেলেন! সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই ন্যু ক্যাম্পে পা রাখবেন ব্রাজিলিয়ান এই তারকা। বার্সা জানিয়েছে, আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়ার কাজটা সেরে ফেলা হবে তখনই।এদিকে নেইমারকে পাওয়ার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যাওয়ার দুঃখটা হয়তো ভুলতে পারছে না রিয়াল মাদ্রিদ। বিশাল অর্থের প্রলোভন দেখিয়েও নেইমারকে টানতে না পেরে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখন বলেছেন, একজন ফুটবলারের জন্য দেড় শ মিলিয়ন ইউরো খরচ করাটা আসলে বাড়াবাড়ি হয়ে যেত! স্প্যানিশ এক রেডিওকে পেরেজ যা বলেছেন, শুনে মনে হতে পারে তিনি নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছেন, ‘আমি মনে করি, ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বসেরা ফুটবলার এবং তার দামটাই সবার চেয়ে বেশি হওয়া উচিত। অন্য কারও নয়।’পেরেজ এ কথা বললেও গোল ডটকম বিশ্বস্ত সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, নেইমারের জন্য বার্সেলোনার চেয়ে দ্বিগুণ অর্থ প্রস্তাব করেছিল রিয়াল। কিন্তু অর্থবিত্ত নয়, মেসি-ইনিয়েস্তা আর জাভির সতীর্থ হওয়াটাই তাঁর কাছে মূল্য পেয়েছে বেশি। আর ট্রান্সফার ফি কিংবা বেতন, সেটাও তো কম নয় একেবারে। নেইমারের এজেন্ট ওয়েগনার রিবেইরো জানিয়েছেন, বার্সেলোনার সবচেয়ে দামি ফুটবলারদের একজন হতে যাচ্ছেন নেইমার। সঠিক অঙ্কটা না বললেও গাজেত্তা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রিবেইরো বলেছেন, ‘তার (নেইমারের) বেতন মেসির চেয়ে কম। কিন্তু বার্সেলোনায় সবচেয়ে বেশি উপার্জনকারী তিন-চারজন ফুটবলারের একজন হবেন নেইমার। এখন রিয়ালে কাকা যত আয় করেন প্রায় সেটার সমান।’নেইমারকে না পেয়ে রিয়াল এখন নামীদামি অন্য কাউকে কিনতে হন্যে হয়ে উঠেছে। আগ্রহের তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোও। কিন্তু আর্জেন্টাইন স্ট্রাইকার পরশু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিটিতেই ভালো আছেন তিনি। আপাতত অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা তাঁর নেই। এএফপি