নেইমারের জবাব
হতে পারে এটা অভিযোগই ছিল। কিংবা মাঠে নামার আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় তারকাকে কথার তিরে বিদ্ধ করার চেষ্টা। যাতে খেপে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসেন নেইমার। তেমন কিছুই হলো না। উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানোর তোলা ‘ডাইভ’-এর অভিযোগ ম্যাচ জিতে উড়িয়ে দিলেন নেইমার। তাঁর পাশে দাঁড়িয়ে এখন সতীর্থরা উল্টো কথার বাণ ছুড়ছেন লুগানোর দিকে।নেইমার মাঠে অভিনয় করে ডাইভ দেন, যাতে রেফারির কাছ থেকে ফ্রি-কিক ও পেনাল্টি আদায় করা যায়—ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে এমন একটা অভিযোগ করেছিলেন লুগানো। তাৎক্ষণিকভাবে এ কথার কোনো প্রতিক্রিয়া না জনালেও সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়েই এ বিষয়ে মুখ খুললেন নেইমার, ‘যার মুখ আছে সে যা খুশি তা-ই বলতে পারে। ওসব আমাকে কষ্ট দেয় না। আমার কাজ হচ্ছে সতীর্থদের সাহায্য করা যাতে ব্রাজিল জেতে।’ তবে নেইমারকে নিয়ে এমন অভিযোগ তোলায় রীতিমতো খেপেছেন তাঁর সতীর্থ ফ্রেড। ম্যাচ শেষে তাই উরুগুয়েকে পাল্টা কড়া জবাব দিতে ভুল হয়নি তাঁর, ‘উরুগুইয়ানরা ম্যাচের আগে বেশি কথা বলছিল, নেইমারকে আক্রমণ করেছিল। আমরা তাদের হারিয়েছি, এটাই আমাদের জবাব।’ এপি।