নেইমারের জায়গায় কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমির জন্য প্রস্তুতি চলছে ব্রাজিলের ছবি: এএফপি
সেমির জন্য প্রস্তুতি চলছে ব্রাজিলের ছবি: এএফপি

নেইমার নেই। আহত হয়ে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। যিনি ছিলেন দলের আশা-ভরসার কেন্দ্রবিন্দু, সেই নেইমারের বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে ব্রাজিলের। তবে নেইমারকে হারানোর শোক আঁকড়ে ধরে বসে না থেকে হাতে যা আছে, তা দিয়েই সেমির প্রস্তুতিটা সেরে রাখতে চাচ্ছে সেলেসাওরা। নেইমার না থাকায় দল সমস্যায় পড়লেও, এই মুহূর্তে তা থেকে নিজেদের বের করে নিয়ে আসতে চাইছেন স্কলারির শিষ্যরা।
জার্মানির বিপক্ষে সেমিফাইনালে নেইমারের বদলি হিসেবে ভাবা হচ্ছে উইলিয়ান ও বার্নার্ডকে। উইলিয়ান মানছেন, নেইমারকে ছাড়া খেলাটা ব্রাজিলের জন্য কঠিন। সেটা মেনে নিয়েই চেলসি মিডফিল্ডার বলছেন, ‘নেইমার যেকোনো ম্যাচই ঘুরিয়ে দিতে সক্ষম। ওকে ছাড়া খেলাটা কঠিন হবে। ওকে হারিয়ে আমরা সবাই মর্মাহত। তবে নিজেদের সামর্থ্য সম্পর্কে ধারণা আছে আমাদের। এখনো আমরা যথেষ্ট শক্তিশালী। স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে চাই আমরা।’
নিজেকে অবশ্য নেইমারের বিকল্প হিসেবে ভাবতে একদমই রাজি নন উইলিয়ান, ‘আমাকে নেইমারের সরাসরি বদলি হিসেবে ভাবাটা সমর্থকদের ঠিক হবে না। ওর সঙ্গে কোনো খেলোয়াড়েরই তুলনা চলে না। আমাদের খেলার ধরনে কিছু মিল থাকলেও আমার নিজস্ব একটা স্টাইল আছে। নেইমার একজন ফরোয়ার্ড। অন্যদিকে আমি মিডফিল্ডারের চেয়ে বেশি কিছু, অন্যদের গোল করার সুযোগ সৃষ্টি করি।’
নেইমারের বিদায়ে বড় ক্ষতি হয়েছে মানলেও আশাবাদী বার্নার্ডও, ‘এ পরিস্থিতিতে আমরা সবাই মর্মাহত। একজন খেলোয়াড় হিসেবেই কেবল নয়, ব্যক্তি হিসেবেও বড় ক্ষতি হয়ে গেছে। সে সব সময় হাসে, ইতিবাচক কথাবার্তা বলে। এমন পরিস্থিতি হবে, কেউ আশা করিনি। তবে এখনো সময় আছে। পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং নিজেদের সেরা কিছু দিতে সক্ষম হব আমরা।’
নেইমারহীন ব্রাজিলের পরিসংখ্যানও আশাব্যঞ্জক। ২০১০ সালের পর দলের সেরা খেলোয়াড়কে ছাড়া ছয়টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে জয় এসেছে পাঁচটিতে। ১-০ গোলের একমাত্র হারটি ফ্রান্সের বিপক্ষে প্রীতিম্যাচে। জয়গুলো এসেছে অবশ্য কম শক্তিধর দলগুলোর বিপক্ষেই। সেগুলো হলো ইরান, ইউক্রেন, গ্যাবন, মিসর ও ডেনমার্ক।
ব্রাজিলের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে ১৯৬২ বিশ্বকাপ। সেবার ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকেই নিজেকে প্রত্যাহার করে নেন পেলে। অথচ সেই বিশ্বকাপটা পেলের হবে বলে ভাবা হচ্ছিল। পেলেহীন ব্রাজিলের অবশ্য তাতে একদমই ক্ষতি হয়নি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই সেবার বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। কিংবদন্তি পেলেকে ছাড়া বিশ্বকাপ জেতা সম্ভব হলে নেইমারকে ছাড়া বিশ্বসেরা হওয়ার আশা করতেই পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর তো মাত্র দুটি ম্যাচে জয় চাই!