নেইমারের জীবনে নতুন প্রেম

এই তো গেল জানুয়ারিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেইমারের সঙ্গে সম্পর্কোচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বান্ধবী ব্রুনা মারকুইজিন। ব্যাপারটি মানসিকভাবে প্রচণ্ড আঘাত দিয়েছিল ব্রাজিল তারকাকে। মানসিক আঘাত কাটিয়ে নিজের প্রেম-জীবন নাকি আবার নতুন করে শুরু করেছেন নেইমার। ব্রাজিলের পত্রপত্রিকাও এ মুহূর্তে মুখর আসন্ন বিশ্বকাপে তাদের প্রধান অস্ত্রের নতুন রোমান্স নিয়ে।
সাবেক প্রেমিকা ব্রুনার সঙ্গে নেইমারের সম্পর্কটা ছিল অনেক গভীর। তিনি যখন বার্সায় সই করতে এলেন, তখনো নেইমারের সঙ্গী ছিলেন ওই ব্রুনাই। ব্রাজিলের টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ ব্রুনা হঠাত্ করেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘটালে মিডিয়ায় মুখরোচক আলোচনার বিষয় হয়ে ওঠে। নেইমারের নতুন রোমান্সও ইদানীং ঝড় তুলেছে ব্রাজিলীয় মিডিয়ায়।
নেইমারের নতুন বান্ধবীও ব্রুনার মতোই নামকরা। পেশায় সুপার মডেল। নাম গ্যাব্রিয়েলা লেনজি। সম্প্রতি নাকি নেইমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বার্সেলোনায়। তবে কি জীবনে নতুন অনুপ্রেরণা পেয়ে গেলেন এই তরুণ-তুর্কি?
ব্রুনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা নেইমারের খেলাতেও প্রভাব রেখেছে। বার্সেলোনার দামি তারকার নামের পাশে মাত্র চারটি গোলই তাঁর পক্ষে সাক্ষী দিচ্ছে।
২০১৪ সালে এ পর্যন্ত নেইমারের পারফরম্যান্স ঠিক তাঁর সঙ্গে যাচ্ছে না। একের পর এক সমস্যায় জর্জরিত হয়ে নিজেকেও হারিয়ে ফেলছেন তিনি। ট্রান্সফার বিতর্কে তাঁর বাবাকেও দৌড়াতে হচ্ছে আদালত থেকে আদালতে। এ বছর পুরো সময় খেলেছেন মাত্র চারটি ম্যাচ। এমন একটি সময় নতুন প্রেমিকার সন্ধান পাওয়া নেইমারের জন্য প্রেরণাদায়ীই।
ব্রাজিলীয়রাও খুশি তাদের ছেলের নতুন রোমান্সে। তারা ভাবছে বিশ্বকাপের কথা। উজ্জীবিত অনুপ্রাণিত নেইমারকে যে বড় বেশি প্রয়োজন তাদের। ওয়েবসাইট।