নেইমারের জয়
কীভাবে কী করলে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করা সম্ভব, বিশ্বকাপে এমন সব চিন্তাই হয়তো সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে নেইমারের মনে। এসবের বাইরে প্লেবয় ম্যাগাজিনের চলতি মাসের ব্রাজিলীয় সংস্করণটাও তাঁর মনে কাঁটার মতো খোঁচা দিচ্ছিল নিশ্চিত। এই কাঁটা দূর করতে সাও পাওলোয় এক আদালতের শরণাপন্ন হয়েছিলেন নেইমার। শেষ পর্যন্ত আদালতের রায় এসেছে তাঁর পক্ষেই।
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে শুধু গ্লাভস পরা মডেল পেট্রিসিয়া জর্দানের ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল ‘এই শ্বেতাঙ্গ মুগ্ধ করেছে নেইমারকে’ কথাটি। নেইমার সেটা স্বাভাবিকভাবেই মানতে পারেননি। ঠুকে দিয়েছেন মামলা।
আদালতও মনে করেছেন, জর্দানের ছবির পাশে নেইমারের নাম ব্যবহার করে সীমা ছাড়িয়ে গেছে প্লেবয় কর্তৃপক্ষ। সে জন্য আদালত বাজার থেকে ওই ম্যাগাজিনের সব কপি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। রায় অমান্য করে সেটি দোকানে রাখলে প্রতিদিনের জন্য গুনতে হবে ৪ হাজার ৫০০ ডলার জরিমানাও। ইয়াহু স্পোর্টস।