নেইমারের টুইটার জয়

ব্রাজিলীয় ফুটবলের পোস্টার-বয় নেইমারের জনপ্রিয়তাটা আবার বোঝা গেল বিশ্বকাপের উদ্বোধনী দিনে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের ৯০ মিনিটেই নেইমারের টুইটার অ্যাকাউন্টে অনুসারী বেড়েছে এক লাখ ৬৫ হাজার। প্রথম দিনে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটে তিনি সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বও। ব্যাপারটি যেকোনো বিচারেই অনন্য এক ঘটনা। নেইমারের পাশাপাশি ব্রাজিলীয় তারকা অস্কার ও বিশ্বকাপের প্রথম ম্যাচেই আত্মঘাতী গোলের দুর্ভাগ্যের শিকার মার্সেলোও প্রথম দিনে ছিলেন টুইটারের নায়ক।
ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে মোট টুইটের সংখ্যা এক কোটি ২২ লাখ। পৃথিবীর ১৫০টি দেশ থেকে ফুটবল-পাগল দর্শকেরা বিশ্বকাপের উদ্বোধনী দিনে টুইট করে তাঁদের মতামত ভাগাভাগি করে নিয়েছেন। ছবি শেয়ারেও বিশ্বকাপের উদ্বোধনী দিনে টুইটার ছিল জমজমাট।
`ফুটবল বিশ্বকাপ হাতের মুঠোয় এনে দেবে খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। এ উপলক্ষে বিশেষ একটি পাতা তৈরি করেছে টুইটার। বিশ্বকাপের সময় এতে প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে অনুসরণ করতে পারবেন যেকোনো ব্যবহারকারী। এ জন্য বাংলাদেশে গ্রামীণফোনের সংযোগ থেকে #GoalGP লিখে ৯৫৯৪ নম্বরে এসএমএস পাঠালেই চলবে। বিশ্বকাপ চলাকালে টুইটারের ওই পাতায় যাওয়ার জন্য ইন্টারনেট ব্যবহারের কোনো খরচ বা ব্রাউজিং চার্জ লাগবে না। টুইটারের এই আয়োজনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে গ্রামীণফোন ও প্রথম আলো'