নেইমারের পক্ষে স্কলারির সাফাই
সাম্প্রতিক ফর্ম ভালো নেই। ক্লাব দল সান্তোসের হয়ে সর্বশেষ কয়েকটি ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। তার পরও ব্রাজিলের কনফেডারেশনস কাপের দলে ঠাঁই হয়েছে হালের সেনসেশন নেইমারের। ফর্মের কারণে রোনালদিনহো ও কাকা দল থেকে বাদ পড়লেও নেইমারের অন্তর্ভুক্তি যেন কিছুটা বিব্রতই করছে কোচ লুইস ফিলিপ্পে স্কলারিকে। নেইমার সম্পর্কে তাঁর বিশ্লেষণটি অবশ্য একটু ভিন্ন, হালে ফর্ম খারাপ থাকলেও নেইমারের ‘প্রতিভা’ই তাঁকে দলভুক্ত হতে সহায়তা করেছে বলে অভিমত ব্রাজিল কোচের।একই সঙ্গে তিনি জানিয়েছেন, রোনালদিনহো ও কাকার জন্য ব্রাজিল জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। ভবিষ্যতের ভালো পারফরম্যান্স তাঁদেরও দলে জায়গা করে দিতে পারে। যে ব্যাপারটি রোনালদিনহো ও কাকার ক্ষেত্রে প্রযোজ্য, সেটি কেন নেইমারের জন্য প্রযোজ্য নয়—এমন একটি বিব্রতকর প্রশ্নে মাথা উঁচুই রেখেছেন ব্রাজিলকে ২০০২ সালের বিশ্বকাপ জেতানো ৬৪ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। তিনি বলেছেন, ‘অনেকেই বলছেন, নেইমার ঘরোয়া ফুটবলে খুব খারাপ খেলেছে, কিন্তু আমি মনে করি, আমাদের দৃষ্টিতে নেইমারের পারফরম্যান্স ফেলে দেওয়ার মতো নয়। সে ঘরোয়া ফুটবলে ভালো খেলেছে বলেই আমি মনে করি।’স্কলারির কাছে দলের চাহিদাটাই মুখ্য। তিনি দল নির্বাচন করেছেন মূলত কোনো নির্দিষ্ট খেলোয়াড় দলের জন্য কী ভূমিকা রাখতে পারবেন, সেই বিচারে। নাম না উল্লেখ করে স্কলারি রোনালদিনহোর বাদ পড়া সম্পর্কে এমনটাই বলেছেন। রোনালদিনহো যে এই মুহূর্তে স্কলারির ‘গুডবুকে’ নেই, সেটা তিনি মুখে না বললেও ব্যাপারটি যে এমনই, তা ধরে নেওয়া যায়।রোনালদিনহোর মতো বাদ পড়েছেন কাকাও। তবে স্কলারি বলেছেন, ‘এ দলটি শুধুই কনফেডারেশনস কাপে খেলবে। কনফেডারেশনস কাপের পর এই দলে আরও পরিবর্তন আসবে। সুতরাং রোনালদিনহো ও কাকার মতো খেলোয়াড়েরা আমার ভাবনায় নেই, এ কথা বলা যাবে না। নিজেদের পারফরম্যান্স উজ্জ্বল করেই তারা আবার ব্রাজিলের জার্সি গায়ে চড়াতে পারে।’স্কলারি আরও বলেন, ‘কনফেডারেশনস কাপের পর আমরা ইউরোপ সফরে যাব। সেখানে রাশিয়া, ইউক্রেন ও ইংল্যান্ডে আমরা খেলোয়াড়দের আরও পরখ করার সুযোগ পাব। তখন অনেক খেলোয়াড় দলে ঢুকতে পারে, এই দল থেকে অনেকেই বেরিয়ে যেতে পারে।’কনফেডারেশনস কাপের আগে অবশ্য আগামী ৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। কনফেডারেশনস কাপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ এশীয় চ্যাম্পিয়ন জাপান। ওয়েবসাইট।