নেইমারের পা মাটিতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীক্ষার অবসান। স্বপ্নের ট্রফি এখন নেইমারের হাতে ছবি: রয়টার্স
প্রতীক্ষার অবসান। স্বপ্নের ট্রফি এখন নেইমারের হাতে ছবি: রয়টার্স

ফুটবলে নেইমার-অধ্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধনটা হয়ে গেছে আগেই। পুরো টুর্নামেন্টে কী ঈর্ষণীয় খেলাটাই না খেললেন এই ব্রাজিলীয় সেনসেশন! কনফেডারেশনস কাপকে নেইমার-অধ্যায়ের আনুষ্ঠানিক বিজ্ঞাপন বোধ হয় বলে দেওয়াই যায়।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল। প্রতিটি ম্যাচেই পেয়েছেন ম্যাচসেরার মর্যাদা। সেমিফাইনালে নিজে গোল করতে না পারলেও করিয়েছেন দুটি। গত রাতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে নিজে একটি গোল করলেন, আরও দুটি গোলে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রেখেছেন; সেই সঙ্গে ব্রাজিলকে এনে দিয়েছেন কনফেডারেশনস কাপের হ্যাটট্রিক শিরোপা। গণমাধ্যমের ভোটে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জিতলেন ‘গোল্ডেন বল’। এবারের কনফেডারেশনস কাপকে যিনি একান্তই নিজের করে নিয়েছেন, সেই নেইমারের তো আকাশেই ভেসে বেড়ানোর কথা!

হ্যাঁ, চাইলে আকাশেই ভেসে বেড়াতে পারেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। কিন্তু নেইমার তা করেননি। ব্রাজিল ফুটবলের নতুন দিনের এই দূত পা রেখেছেন মাটিতেই। টুর্নামেন্ট সেরার মর্যাদা পাওয়ার পর সেই আহ্বানই জানালেন নেইমার, ‘আমরা প্রত্যাশার চেয়েও ভালো খেলেছি। আমি সত্যি খুশি। আমরা অসংখ্য ভক্তদের খুশি করতে পেরেছি। কিন্তু অবশ্যই পা মাটিতে রাখতে হবে আমাদের।’

বিশ্বকাপের মহড়া ফিফা কনফেডারেশনস কাপ জেতা হয়ে গেল। এখন অপেক্ষা ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপের। পাঁচ বছরে দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জিতে প্রায় অজেয় স্পেনকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফুটবলবিশ্বকে একটা বার্তাও দিয়ে রাখল স্বাগতিক ব্রাজিল, ‘বিশ্বকাপের আসল দাবিদার আমরাই।’ নেইমারের কথায়ও তা স্পষ্ট, ‘আমরা সত্যি খুব ভালো খেলেছি, সঠিক পথেই আছি। এই সাফল্য ধরে রাখতে হবে।’

সম্প্রতি ৫৭ মিলিয়ন ইউরো খরচ করে সান্তোস থেকে নেইমারকে দলে নিয়েছে বার্সেলোনা। ২১ বছর বয়সী এই ব্রাজিলীয় ফরোয়ার্ডের পেছনে এত অর্থ ঢেলে বার্সা যে একদমই ভুল করেনি, তা প্রমাণ করে দিলেন নেইমার নিজেই। ন্যু ক্যাম্পের হয়ে এখনো মাঠে নামা হয়নি। আগস্টে বার্সার হয়ে মাঠে দেখা যাবে নেইমারকে। কনফেডারেশনস কাপে নিজের দ্যুতি ছড়িয়ে লিওনেল মেসির সঙ্গে রোমাঞ্চকর এক জুটি গড়ার স্বপ্নই যেন ফুটবলবিশ্বকে দেখালেন বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান এই তারকা। সূত্র : রয়টার্স।