নেইমারের পাশে সিলভা
বয়স কম, তাই তাঁর ওপর বিশাল প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। নেইমার সম্পর্কে এটা পেলের মত। প্রায় একই কথা বলেছেন ১৯৭০ বিশ্বকাপে পেলের সতীর্থ রিভেলিনহোও। আসলেই কি তাই? নেইমারের সতীর্থ থিয়াগো সিলভা কিন্তু সেটা মনে করেন না। বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাব্য অধিনায়ক মনে করেন বয়স কম হলেও যেকোনো চাপ সামলানোর ক্ষমতা আছে বার্সেলোনা তারকার।
মাঠের পারফরম্যান্স ঝলমলে ছিল না। তার ওপর দলবদল নিয়ে কেলেঙ্কারি। সব মিলিয়ে বার্সেলোনায় প্রথম মৌসুমটা ভালো যায়নি নেইমারের। শুনতে হচ্ছে নানা সমালোচনা। এটা বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে মনে করে অনেকেই বলছেন, এসব থেকে নেইমারকে একটু আগলে রাখার। প্রস্তাবটা অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন সিলভা। ইএসপিএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন, ‘সমালোচনা থেকে তাকে আগলে রাখার কোনো দরকার নেই। তাতে তাকে নির্বোধ মনে হবে। নেইমার মোটেও সে রকম নয়। ও সবার প্রিয়পাত্র এবং যথেষ্ট বুদ্ধিমান ছেলে। কীভাবে সবকিছু সামাল দিতে হয়, সেটা সে ভালোই জানে।’
এই বিশ্বকাপ নিয়ে এখন উন্মাদনায় কাঁপছে ব্রাজিল। দেশের মাটিতে বিশ্বকাপ খেলার এই রোমাঞ্চ নাড়া দিচ্ছে ব্রাজিল অধিনায়ককেও, ‘আমি প্রতিদিন বিশ্বকাপের কথা ভাবি। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় ভাবি। যদি বিশ্বকাপ জিততে পারি তাহলে গোটা দেশ কেমন উন্মত্ত হয়ে যাবে সেটা ভেবে শিহরিত হই।’ ওয়েবসাইট।