নেইমারের পেছনে ম্যানচেস্টার সিটি
ব্রাজিলের বিস্ময়-বালক নেইমারকে দলে ভেড়ানোর জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছে চেলসি, রিয়াল মাদ্রিদসহ ইউরোপের বড় ক্লাবগুলো। কিন্তু নেইমারকে আরও কিছুদিন ব্রাজিলের ঘরোয়া ফুটবলেই খেলে যাওয়ার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেসহ আরও অনেকে। তার পরও নেইমারকে পাওয়ার জন্য মরিয়া গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি। নেইমারের সঙ্গে নতুন চুক্তি করার উদ্দেশ্যে গত সপ্তাহে ব্রাজিলেই উড়ে গিয়েছিলেন ম্যানসিটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এই মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি যদি নেইমারকে দলে ভেড়ানোর উদ্যোগ নেয়, তাহলে তাদের খরচ করতে হবে ৩২ মিলিয়ন পাউন্ড।বর্তমানে ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচনা করতে হয় মারিও বালোতেল্লিকে। কিন্তু ইতালির এই স্ট্রাইকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না কোচ রবার্তো মানচিনির। এ কারণেই হয়তো মরিয়া হয়ে নতুন স্ট্রাইকারের খোঁজে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ীরা। আর আক্রমণভাগের শক্তি বাড়াতে ব্রাজিলের তরুণ ফুটবলার নেইমারের দিকে হাত বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। নেইমারকে অন্তত ২০১৪ সাল পর্যন্ত ব্রাজিলের ঘরোয়া ফুটবলেই খেলার পরামর্শ দিয়েছেন অনেকে। তবে তার পরও আগামী গ্রীষ্মেই নেইমারকে দলে ভেড়ানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ম্যানসিটি। নেইমারের ক্লাব সান্তোসকে রাজি করানোর জন্য গত সপ্তাহে ব্রাজিলেই চলে গিয়েছিলেন ম্যানচেস্টার সিটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁদের মধ্যে কী কথাবার্তা হয়েছে, সেটা এখনো জানা যায়নি। তবে নেইমারকে দলে ভেড়াতে গেলে ম্যানসিটিকে যে অন্তত ৩২ মিলিয়ন পাউন্ড খরচ করতে হবে, সেটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়।—টেলিগ্রাফ