নেইমারের প্রথম গোল

ইয়োহান ক্রুইফ কি পরশু রাতের ম্যাচটা দেখেছেন?
ন্যু ক্যাম্পে ছিলেন না এটা নিশ্চিত। বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই ডাচ কিংবদন্তির সঙ্গে তাঁর একসময়ের প্রিয় ক্লাবের বিচ্ছেদ চলছে। তবে দূর থেকেই ক্রুইফ বারবার সমালোচনার তির ছুড়ে যাচ্ছেন—বার্সেলোনায় নেইমার-মেসি জুটি জমবে না কখনো!
মাঠে না আসুন, টিভিতেও যদি ম্যাচটা দেখে থাকেন, তাহলে কিন্তু সেই সমালোচনার জায়গাটা থেকে সরে আসার কথা ভাবতে পারেন ক্রুইফ। পুরো ম্যাচ না দেখে অন্তত বার্সেলোনার দ্বিতীয় গোলটা দেখলেও!
নেইমারের অসাধারণ ক্রস, তারপর ছয় গজি বাক্সের ডান কোনা থেকে মেসির দুর্দান্ত হেড। যেন ক্রুইফের কথা ভুল প্রমাণ করার জন্যই দুজনের মিলিত চেষ্টার সেই গোল।
৮ মিনিটে মেসিকে দিয়ে করানো সেই গোলের মিনিট তিনেক আগে নেইমার নিজেও গোল করেছেন। বার্সেলোনার জার্সি গায়ে লিগে নেইমারের প্রথম গোল, সঙ্গে মেসি-নেইমার জুটির দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে পরশু রাতে রিয়াল সোসিয়েদাদ উড়ে গেল ৪-১ গোলে। ন্যু ক্যাম্প স্টেডিয়ামের ৫৬তম বর্ষপূর্তির রাতে বার্সা সমর্থকদের এর চেয়ে ভালো আর কী উপহার দিতে পারতেন কোচ জেরার্ডো মার্টিনো!
৫ মিনিটে অ্যালেক্সিস সানচেজের ক্রস থেকে গোলবারের সামনে জটলায় বল পেয়ে সেটা নিয়ে একেবারে রিয়াল সোসিয়েদাদের জালে। ঠিক নেইমারসুলভ গোল নয়, কিন্তু স্প্যানিশ লিগে নিজের প্রথম গোলটি যে স্মৃতিতে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে, সেটা বোঝা গেল ম্যাচ শেষে নেইমারের কথা শুনেই, ‘আমি দারুণ খুশি। স্প্যানিশ লিগে প্রথম গোল করতে পারাটা চমৎকার একটা ব্যাপার। তবে সবচেয়ে বেশি খুশি দলের জয়ে। প্রতিটি ম্যাচেই আমরা উন্নতি করছি, দল হিসেবে সংগঠিত হচ্ছি। আমিও বার্সেলোনায় নতুন জীবন উপভোগ করে যাচ্ছি।’ নেইমারের এই গোলের আগে প্রথম সুযোগটা পেয়েছিল সোসিয়েদাদই। তবে দ্বিতীয় মিনিটেই হ্যারিস সেফারোভিচের শট ফেরত আসে বারে লেগে। এরপর রক্ষণের ভুলে গোল খেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সোসিয়েদাদকে ২৩ ও ৭৭ মিনিটে আরও দুবার হতাশায় ডুবিয়েছেন সার্জিও বুসকেটস ও মার্ক বারত্রা। দুর্দান্ত জয়ের রাতে বার্সার জন্য একমাত্র দুঃসংবাদ, কুঁচকিতে চোট পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়া হাভিয়ের মাচেরানোর ফেরা হবে না সপ্তাহ দুয়েকের আগে।
ম্যাচের ৮১ মিনিটে ফিফা বর্ষসেরা ফুটবলার মেসিকে মাঠ থেকে তুলে নেন বার্সা কোচ মার্টিনো। সিদ্ধান্তটা যে পছন্দ হয়নি, এটা মেসি পরিষ্কারই বুঝিয়ে দিয়েছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর। যদিও নিজের ফেসবুক পেজে এটি অস্বীকার করে মেসি লিখেছেন, ‘মাঠ থেকে উঠে যাওয়ার সময় আমি কোনো রকম অসন্তোষ প্রকাশ করিনি। কেউই উঠে যেতে চায় না। কিন্তু দলের জন্য যেটা ভালো সেটা তো মেনে নিতেই হবে। তবে আমি যা মেনে নেব না সেটা হচ্ছে, আমাকে নিয়ে কিছু সংবাদমাধ্যমের মিথ্যা রটনা।’ তবে যা রটে, তার কিছুটা হলেও যে বটে, তা বোঝা গেল কোচ মার্টিনোর কথা শুনেই, ‘ও (মেসি) কখনোই মাঠ ছেড়ে যেতে চায় না। কিন্তু আমাকে তো তাকে দেখেশুনে রাখতে হবে। মৌসুম শেষের সময়টার জন্য তাকে পুরো ফিট থাকতে হবে।’
বার্সেলোনার সহজ জয়ের রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে ওসাসুনাকে। বার্সেলোনার মতোই টানা ৬ ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদের নগরপ্রতিদ্বন্দ্বীরা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষস্থানে বার্সাই। এএফপি।