নেইমারের প্রশংসায় স্কলারি, কোভাচ দুষছেন রেফারিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছেন ফেলিপে স্কলারি। ছবি: রয়টার্স
জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছেন ফেলিপে স্কলারি। ছবি: রয়টার্স

বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রত্যাশার ষোলোআনা পূরণ করেছেন নেইমার। লুইস ফেলিপে স্কলারির মুখে তাই চওড়া হাসি। প্রথমে আত্মঘাতী গোলে পিছিয়ে থেকেও নেইমারের জোড়া গোলে ক্রোয়েশিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। আর এ কারণেই স্তুতিবানে ভাসাচ্ছেন শিষ্যকে। ওদিকে রেফারির সিদ্ধান্তে নাখোশ ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ।
স্কলারি ম্যাচ শেষে বললেন, ‘প্রথম কথা হচ্ছে, খেলে নেইমার খুশি। সে অন্যরকম খেলোয়াড়। বিশ্বের সেরা খেলোয়াড় সে, আপনাদের (সংবাদমাধ্যম) এমন দাবি তাঁর প্রয়োজন নেই। ব্রাজিলের হয়ে খেলাই তাঁর প্রধান দায়িত্ব। সেটিই সে আজ করেছে।’
৭১ মিনিটে রেফারি ইউয়ুচি নিশিমুরার ব্রাজিলকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে চরম নাখোশ ক্রোয়েশিয়ার কোচ কোভাচ। ক্রোয়েট কোচ এ সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলেছেন। প্রতিপক্ষের রেফারির এ কথা স্কলারির কানে তুললে বললেন, ‘আমার সহকর্মী (কোভাচ) কী বলেছেন, সেটি নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তবে একটি কথাই বলতে পারি, ব্রাজিল পাঁচবার শিরোপা জিতেছে। সেগুলো তো এমনি এমনি জেতেনি। রেফারি একে পেনাল্টি হিসেবেই দেখেছিলেন। এটি রেফারির সিদ্ধান্ত।’

ওদিকে প্রথম ম্যাচে জোড়া গোলে দারুণ উচ্ছ্বসিত নেইমার। বললেন, ‘আমি খুব-খুব খুশি। যেন স্বপ্নের চেয়েও বেশি! জয় দিয়ে দারুণভাবে শুরু করেছি। অসাধারণ খেলা হয়েছে।’  রয়টার্স।