নেইমারের ফাইনাল খেলা নিয়ে গুঞ্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের ফাইনালে খেলা নিয়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। ছবি: রয়টার্স
নেইমারের ফাইনালে খেলা নিয়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। ছবি: রয়টার্স

এমনকি হতে পারে না, ব্রাজিল ফাইনালে উঠে গেল, আর অবিশ্বাস্য দ্রুততায় সেরে উঠে নেইমারও খেলে ফেললেন! ব্রাজিলের লাখো-কোটি সমর্থকদের মনের কোণে হয়তো এই আকাঙ্ক্ষা উঁকি দিচ্ছে। এরই মধ্যে ব্রাজিল সমর্থকদের মধ্যে শোরগোলও পড়ে গিয়েছিল একটা খবর ছড়িয়ে পড়ায়। ব্রাজিল ফাইনালে উঠলে তাতে নাকি খেলবেন নেইমার! উচ্চমাত্রার ব্যথানাশক ইনজেকশন দিয়ে এটা সম্ভব বলে মন্তব্য করেছিলেন ব্রাজিলেরই কিছু চিকিত্সক।

স্বাভাবিকভাবেই এই খবরে ব্রাজিল সমর্থকদের নিভু নিভু আশার প্রদীপটা হুট করে জ্বলে উঠেছিল। কিন্তু দেশের কিছু চিকিত্সকদের এ ধরনের ‘অনৈতিক’ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির প্রধান চিকিত্সক হোসে লুইজ রুঙ্কো ফাইনালের আগে নেইমারের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন।

সান্তোসের চিকিত্সকদের বরাত দিয়ে ব্রাজিলের কিছু গণমাধ্যমেই নেইমারের ফেরার সম্ভাবনার খবরটি ছড়ায়। সান্তোস নেইমারের পুরোনো ক্লাব। এই ক্লাবের চিকিত্সকেরা বার্সেলোনা তারকার নাড়িনক্ষত্র হাতের তালুর মতো চেনেন। ফলে তাঁদের মন্তব্য নিয়ে বিভ্রান্তি দেখা দেওয়াই স্বাভাবিক। তা ছাড়া নেইমারের বর্তমান চিকিত্সা প্রক্রিয়ায় সান্তোসের চিকিত্সকদেরও সহায়তা নেওয়া হচ্ছে।

তবে রুঙ্কো সব বিভ্রান্তির ইতি টেনে বলেছেন, ‘নেইমারের খেলার কোনো সুযোগই নেই। এখন ওর মেরুদণ্ডের চোটটা স্থিতিশীল অবস্থায় আছে। তবে ওর হাড়ের শুশ্রূষা প্রয়োজন। এই অবস্থান এই চোটে আরও আঘাত পেলে সেটা অস্থিতিশীলই শুধু হবে না, খেলোয়াড় নেইমার তো বটেই, মানুষ হিসেবেও নেইমারের সক্ষমতায় সমস্যা সৃষ্টি করবে।’

সিবিএফের বিবৃতিতেও বলা হয়েছে, সান্তোসের চিকিত্সকদের নেইমারের চিকিত্সায় সহায়তা নেওয়া কেবলমাত্র একটি ‘আন্তরিকতা’র জায়গা থেকে করা হয়েছে। নেইমারের ব্যাপারে ডা. রুঙ্কো ছাড়া আর কারো মন্তব্য না করতেও অনুরোধ জানিয়েছে সিবিএফ