নেইমারের বাইক বিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর পেয়েই খোশমেজাজে বাইকে চেপে বসলেন নেইমার। ছবি: রয়টার্স
অবসর পেয়েই খোশমেজাজে বাইকে চেপে বসলেন নেইমার। ছবি: রয়টার্স

একক নৈপুণ্যে ক্যামেরুনের বিপক্ষে জিতিয়েছেন দলকে। তাঁর পায়ের জাদুতেই সব শঙ্কা উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকেরা। ছুটি একটা দিন পেতেই পারেন নেইমার। মঙ্গলবার ব্রাজিল দলের ‘ছুটির দিনে’ খোশমেজাজে কোয়াড-বাইক চালাতে দেখা গেল বিশ্ব ফুটবলের নতুন এই নক্ষত্রকে।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলার পর একদিনের ছুটি পেলেন ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্নপূরণের সারথিরা। পরিবার আর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটানোর দারুণ এক সুযোগও পেয়ে গেলেন তাঁরা। অবসরটা তাঁরা কাটালেন বৈচিত্র্যের সঙ্গেই। কেউ খোশমেজাজে আড্ডা জুড়লেন, কেউবা বাইক নিয়ে বেরিয়ে পড়লেন। কেউবা বিশ্রামের দিনটি একেবারেই শুয়ে-বসে নিখাদ আলস্যে কাটিয়ে দিলেন। বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী সময়কে পাশ কাটিয়ে মঙ্গলবার চমত্কার একটা দিন কাটালেন পাঁচবারের বিশ্বজয়ীরা।

নেইমার সময় কাটিয়েছেন ওই কোয়াড-বাইক নিয়ে। তারুণ্যে উচ্ছ্বাস-চঞ্চলতা যাঁর নিত্যসঙ্গী, তিনি হোটেলে শুয়ে-বসে সময় কাটাতে পারেন নাকি! চার-চাকার ওই বাহনটি নিয়ে তাই দিব্যি ছোটখাটো ভ্রমণে বেরিয়ে গেলেন তিনি। আলোকচিত্রীরাও এই সুযোগ হাতছাড়া করেন কীভাবে?

আর একদিন বাদেই শুরু স্নায়ুযুদ্ধের বিশ্বকাপ—নকআউট পর্ব। ঘরের মাটিতে  বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে নেইমারকে পাড়ি দিতে হবে কঠিন এক পথ। নেইমারের খোশমেজাজে থাকা পুরো দলের জন্যই যে সবচেয়ে জরুরি!