নেইমারের বাজি মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা ব্যালন ডি’অর পুরস্কারে নিজেকে হিসাবেই আনতে চান না নেইমার। বরং তিনি এই পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য মনে করেন লিওনেল মেসিকে। ‘আমি? না, ব্যালন ডি’অর মেসির জন্য। ও বিশ্বসেরা; কেউই ওর মতো খেলোয়াড় নয়। পুরস্কারটা মেসিই জিতবে। প্রতিটি ম্যাচে ও নতুন করে আবির্ভূত হয়। আরেকটি ব্যালন ডি’অর ওর প্রাপ্য। আমরা সবাই এটা জানি।’ মুন্ডো ডিপোর্টিভো পত্রিকাকে বলেছেন নেইমার। নেইমার ঠিকই বলেছেন। ব্যালন ডি’অর পুরস্কারটা তো মেসির জন্যই! ২০০৯, ২০১০ ও ২০১১ সালে ব্যালন ডি’অর জেতেন তিনি। গত মৌসুমে বার্সার হয়ে রেকর্ড ৭৩টি গোল করেছেন মেসি। বলার অপেক্ষা রাখে না, এবারও এ পুরস্কারে তিনিই ফেবারিট। এ বছর জিতলে টানা চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতা হবে আর্জেন্টাইন জাদুকরের।মেসি নাকি নেইমার—কে বেশি প্রতিভাবান? বেশ কিছুদিন ধরেই বিতর্কটা চলে আসছে। দুই কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা ও পেলে তপ্ত কথাবার্তা বলে মাঝেমধ্যে ‘বিতর্কিত’ এই প্রশ্ন উসকে দেন। পেলের চোখে মেসির চেয়ে অনেক বেশি প্রতিভাবান নেইমার। অন্যদিকে মেসির সঙ্গে তুলনা দূরে থাক, নেইমারের মধ্যে কোনো প্রতিভাই খোঁজে পান না ম্যারাডোনা।নেইমার অবশ্য কখনোই মেসির সঙ্গে নিজেকে তুলনায় নিতে রাজি নন। বিভিন্ন সময় এই সান্তোস স্ট্রাইকার স্বীকার করেছেন, মেসির ফুটবলজাদুর ভক্ত তিনি। তাই কেউ যখন মেসির সঙ্গে তাঁর তুলনা করেন, তিনি তা উপভোগ করেন। ২০ বছর বয়সী নেইমার আরেকবার জানিয়ে দিয়েছেন, মেসির সঙ্গে তুল্য হওয়ার মতো যোগ্য তিনি নন।