নেইমারের বাবার বিরুদ্ধে মামলা করবে সান্তোস

ট্রান্সফার ফি জটিলতায় বেশ ভালোই ভুগতে হচ্ছে বার্সেলোনা ও নেইমারকে। বার্সা রীতিমতো ব্যাখ্যা দিয়ে সবকিছু পরিষ্কার করেছে। কিন্তু তাতেও সব মিটে যায়নি। এখন শোনা যাচ্ছে, আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারেন নেইমারের বাবা। বার্সেলোনার কাছ থেকে তিনি কত টাকা নিয়েছেন, সেই সংক্রান্ত কাগজপত্র না দেখালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছে নেইমারের সাবেক ক্লাব সান্তোস।
২০১৩ সালের জুনে নেইমারকে দলে ভেড়ানোর জন্য ৫৭.১ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল বলে জানিয়েছিল বার্সা। এর মধ্যে সান্তোস পেয়েছিল মাত্র ১৭.১ মিলিয়ন ইউরো। বাকি ৪০ মিলিয়ন ইউরো গিয়েছে নেইমারের বাবার পকেটে। যদিও নেইমারকে ন্যু ক্যাম্পে আনার জন্য বার্সেলোনার প্রায় ৮৬.২ মিলিয়ন ইউরো খরচ হয়েছে বলে জানিয়েছেন বার্সেলোনার নতুন সভাপতি জোসেফ মারিয়া। এতে জানা গেছে, নেইমার ফাউন্ডেশকেও মোটা অঙ্কের টাকা দিতে হয়েছিল বার্সাকে। যে তথ্য গোপন ছিল এতদিন।
এতেই চটেছে সান্তোস। ইতিমধ্যে নেইমারের বাবার কাছে চুক্তি সংক্রান্ত সব কাগজপত্র দেখতে চেয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। কিন্তু মৌখিকভাবে সবকিছু জানালেও কোনো কাগজপত্র দেখাতে রাজি হননি নেইমারের বাবা। ক্ষুব্ধ সান্তোস এখন আদালতে যাওয়ার কথা ভাবছে। ক্লাবটির এক প্রতিনিধি বলেছেন, ‘নেইমারের বাবা সত্যি বলছেন কিনা সেটা জানার পথ আছে। সান্তোস একটা চুক্তি করেছিল আর সে কারণে আমরা চুক্তিসংক্রান্ত সব দলিলপত্রই দেখিয়েছি। নেইমারের বাবার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে, চুক্তিতে গোপনীয়তা সংক্রান্ত কিছু শর্ত আছে। তার মানে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো কাগজপত্র দেখাবেন না। সান্তোস এই ব্যাপারটা আইনিভাবেই মোকাবেলা করবে।’
আরও একটি তথ্যে বেশ খেপে গেছে সান্তোস। নেইমারকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনা নাকি ২০১১ সালেই তাঁর বাবাকে আগাম ১০ মিলিয়ন ইউরো দিয়েছিল। কিন্তু কাতালানদের এই প্রস্তাবের ব্যাপারে এতদিন সান্তোসকে কিছুই জানানো হয়নি।