নেইমারের বার্সেলোনা 'জয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো বার্সেলোনার হয়ে মাঠে নামা হয়নি। নতুন ঠিকানায় এসে বলেও সেভাবে পা ছোঁয়াননি। তার আগেই যেন ন্যু ক্যাম্প ‘জয়’ করে ফেললেন নেইমার।
কাতালানদের মনের কথাটা কি জাদুবলে আগেই জেনে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা? নইলে পরশু ন্যু ক্যাম্পের ৫৭ হাজার দর্শকের মনের কথা হুবহু বলে গেলেন কী করে? এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ালেন আত্মবিশ্বাসের ছটা। প্রতিটি কথায় মুগ্ধতার রেশ, যা নেইমারকে উপস্থাপন করেছে দারুণভাবে।
এবার লিগ শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সা, কিন্তু সময়টা ভালো যাচ্ছিল না তাদের। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে লজ্জাজনক হার, কোচ টিটো ভিলানোভার অসুস্থতা এবং সবশেষে এরিক আবিদালের ক্লাব ছাড়ার ঘোষণা। বিষণ্ন কাতালানদের জন্য স্বস্তির পরশ নিয়ে নেইমার এলেন যেন সেই গানের মতো, ‘তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এল..’।
সত্যিই তো। ন্যু ক্যাম্পে এর আগে কোনো ফুটবলারের পরিচয়পর্বে এর চেয়ে বেশি দর্শক হয়েছে শুধু জ্লাতান ইব্রাহিমোভিচের সময়, ২০০৯ সালে। কিন্তু ইব্রাকে একটা জায়গায় ছাপিয়ে গিয়েছেন নেইমার, প্রথম দিনেই ঠাঁই নিয়েছেন বার্সা-ভক্তদের মনে।

‘শুভ বিকেল, আমি এখানে আসতে পেরে দারুণ খুশি। বার্সেলোনা দীর্ঘজীবী হোক’—পরিষ্কার কাতালান ভাষায় বললেন নেইমার। আর কিছু না বললেও হতো। কিন্তু নেইমারের সেটি ছিল শুধুই শুরু। এরপর সংবাদ সম্মেলনে তরুণ তারকাকে সামলাতে হয়েছে অনেক প্রশ্ন, যেখানে ছিলেন সারা বিশ্ব থেকে আসা প্রায় ৩৫০ জন সাংবাদিক। বলাই বাহুল্য, পায়ের মতো মুখেও দারুণ দক্ষ ছিলেন মেসির নতুন সঙ্গী।

‘আপনি কি এখানে বিশ্বসেরা হতে এসেছেন?’

‘নাহ্, বিশ্বসেরা ফুটবলার তো বার্সেলোনাতে আগে থেকেই আছেন। মেসি তাঁর নাম।’

‘তাহলে কি ব্যালন ডি’অর চান?’

‘আমি শুধু চাই মেসিকে সহযোগিতা করতে, তিনি যেন বিশ্বসেরাই থাকতে পারেন।’

ন্যু ক্যাম্পে মেসিকে সবাই কীভাবে দেখেন, সেটি অজানা নয় নেইমারের কাছে। গত কয়েক দিনে বেশ কয়েকবার তা প্রকাশও করেছেন। পরশু ৫৭ হাজার দর্শকের সামনে খুলে দিলেন মনের সব অনুভূতিই, ‘মেসির পাশে খেলাটা হবে খুব সম্মানের। তাঁর সঙ্গে খেলাটা খুব সহজও হবে, কারণ মেসি বিশ্বের সেরা ফুটবলার।’

সান্তোসে খেলেই ফুটেছে নেইমার-ফুল। ব্রাজিলিয়ান ঘরানার ফুটবল থেকে হঠাৎ ইউরোপে এসে মানিয়ে নিতে পারবেন? নেইমার আশাবাদীই থাকছেন, ‘মানিয়ে নেওয়াটা অনেকের কাছে কঠিন। কিন্তু আমি এটা খুব ভালো পারি। সান্তোস আর ব্রাজিল দলেও তো অনেক কিছু আলাদা।’

ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে উল্লাসের কমতি নেই বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তারও, ‘নেইমার আমাদের দলের জন্য অনেক কিছু করতে পারবে। কেননা, সে খুব প্রতিভাবান ফুটবলার। আর বড় ফুটবলাররা সব সময় একে অন্যকে সহজে বুঝতে পারে। নেইমার আসায় যেমন মেসির ভালো হবে, তেমনি মেসিও নেইমারকে ভালো খেলতে সাহায্য করবে।’

মেসি-নেইমার জুটি কেমন জমে, সেটিই এখন দেখার অপেক্ষা। এএফপি, রয়টার্স।