নেইমারের বিরুদ্ধে উরুগুয়ের অভিযোগ
দরজায় কড়া নাড়ছে কনফেডারেশনস কাপের প্রথম সেমিফাইনাল। বাংলাদেশ সময় আজ রাত একটায় মাঠে নামছে ব্রাজিল ও উরুগুয়ে। টান টান উত্তেজনার মধ্যেই ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারকে নিয়ে গুরুতর এক অভিযোগ করে বসলেন ডিয়েগো লুগানো। উরুগুইয়ান অধিনায়কের অভিযোগ, ‘ডাইভ’ দেন নেইমার। মানে ইচ্ছা করে পড়ে গিয়ে সুবিধাজনক জায়গায় আদায় করে নেন ফাউল বা ফ্রি কিক!গ্রুপ পর্বের তিন ম্যাচে ১৩ বার ফাউলের শিকার হয়েছেন নেইমার। অন্যদিকে দল ফ্রি কিক পেয়েছে ১৮টি। নেইমার রেফারিদের কাছ থেকে বাড়তি সুরক্ষা পান কি না, এ ব্যাপারে লুগানোর কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। জবাবে নেইমারের বিরুদ্ধে অভিযোগই করে বসলেন উরুগুয়ের অধিনায়ক, ‘নেইমারের ফাউলগুলো নিয়ে আমি শঙ্কিত। নেইমারের ওজন খুবই অল্প। ও খুব সহজে মাঠে পড়ে যায় এবং রেফারি ও প্রতিপক্ষকে বোকা বানায়।’প্রথম সেমিফাইনালটি পরিচালনা করবেন চিলির রেফারি এনরিকে ওসেস। নেইমার যেন ‘অভিনয়’ করে বাড়তি সুবিধা আদায় করতে না পারেন, এ ব্যাপারে রেফারিকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন লুগানো, ‘নেইমার ফাউলের শিকার হওয়ার অভিনয় করতে পারে। ওকে অবশ্যই নজরে রাখতে হবে, যেন কাউকে বোকা বানাতে না পারে।’ডিফেন্ডার লুগানো বর্তমানে খেলছেন পিএসজির হয়ে। এর আগে তিনি খেলেছেন ব্রাজিলীয় ক্লাব সাও পাওলোর হয়েও। ব্রাজিলীয় ফুটবল সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘সুন্দর ফুটবল’ থেকে দূরে সরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, ‘ব্রাজিল জোগো বনিতো নষ্ট করে ফেলেছে। আমি ব্রাজিলে খেলেছি। ব্রাজিলীয় ফুটবল শারীরিকভাবে খুব কঠোর। সম্ভবত দক্ষিণ আমেরিকার সবচেয়ে কঠিন ফুটবল এখানে হয়—আমাদের ধারণার চেয়েও কঠিন।’নেইমারের বিরুদ্ধে উরুগুয়ে অধিনায়কের অভিযোগটা নিয়ে বিতর্ক হতে পারে। মহারণের আগে কৌশলগত কারণেই লুগানো অভিযোগটা করেছেন কি না, সেই প্রশ্নও উঠতে পারে। কারণ উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড়দের আচরণ নিয়ে যথেষ্টই বিতর্ক আছে। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন লুইস সুয়ারেজ। তাঁর বিরুদ্ধে বহুবার প্রতারণা ও ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সুয়ারেজ বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগেও নিষিদ্ধ।