নেইমারের বিশ্বাস, এবার সোনা আসছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বর এবার সঙ্গে আছেন বলেই মনে করেন নেইমার। আর ঈশ্বরের সহায়তায় প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনার পদক ‘সাম্বা’দের দখলে যাবে বলেই মনেপ্রাণে বিশ্বাস করেন এই ব্রাজিলীয় সেনসেশন।এবারের অলিম্পিকে দারুণ ফর্ম নিয়েই খেলতে এসেছেন নেইমার। লন্ডনে প্রতিটি ম্যাচ জিতে ব্রাজিল উঠে গেছে ফাইনালে। ব্রাজিলের ফাইনাল অভিযাত্রায় নেইমারের অবদান অসাধারণ। প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দিয়ে নিজের নামের প্রতি দারুণ সুবিচার করেছেন তিনি। প্রতিপক্ষের জালেও বল জড়িয়েছেন তিনবার। সব মিলিয়ে নিজের প্রথম অলিম্পিক প্রতিযোগিতাটি স্মরণীয় হয়েই থাকছে নেইমারের জন্য।কাল দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রাজিলের ফাইনালে ওঠাটা দারুণভাবেই উপভোগ করছেন তিনি। জানিয়েছেন, তাঁর দলের খেলোয়াড়দের অভিজ্ঞতাই ব্রাজিলের এই সাফল্যের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হবে। সেমিফাইনালের পর একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নেইমার বলেছেন, ‘অলিম্পিকে একটি অভিজ্ঞ দল নিয়েই আমরা খেলতে এসেছি। আমাদের অনেকেরই বয়স হয়তো কম, কিন্তু অভিজ্ঞতায় মোটেও আমরা পিছিয়ে নেই। অনেক দিন ধরেই ফুটবলটা খেলছি আমরা।’তিনি বলেন, ফাইনালে মেক্সিকোর সঙ্গে মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত তাঁর দল। নেইমার আরও বলেন, তাঁর মন বলছে, অলিম্পিক ফুটবলে ‘সোনার হরিণ’ হয়ে থাকা সোনার পদক জয়ের অভিযানে ঈশ্বর বেশ ভালোমতোই সঙ্গে আছেন তাঁদের।‘ঈশ্বরের ইচ্ছায় এবারের অলিম্পিকে ফুটবলে সোনার পদকটি আমাদের হাতেই আসছে।’ নেইমারের মন্তব্য।