ক্লাবের হয়ে তাঁর ২০০তম ম্যাচটি নেইমার স্মরণীয় করে রাখলেন একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করে
নেইমারের বিস্ময়-গোল
বলটা পেলেন অ্যাটলেটিকো মিনেইরোর অর্ধে, একটু ভেতরে। দারুণ এক ফ্লিকে মার্কারের দুই পায়ের ভেতর দিয়ে বল গলিয়ে ছিটকে ফেললেন মার্কারকে। ছুটে আসা আরেকজনকে দারুণ ক্ষিপ্রতায় কাটিয়ে ছুটলেন সোজা। পেনাল্টি বক্সের ঠিক বাইরে কাটালেন আরেক ডিফেন্ডারকে। ওই ডিফেন্ডার আবার ছুটে এসে বক্সের ভেতর দাঁড়ালেন বাধা হয়ে। কিন্তু তাঁকেসহ গোলরক্ষককে ডজ দিয়ে বাঁ কোনা দিয়ে বল পাঠিয়ে দিলেন জালে। কে বলবে, ২০ ঘণ্টা বিমানভ্রমণ করে ম্যাচের দিন সকালেই দেশে ফিরেছেন এই তরুণ!ক্লাবের হয়ে ২০০তম ম্যাচ, তাই নেমেছিলেন ‘২০০’ নম্বর জার্সি পরে। শুধু ওতেই কি আর চলে! মাইলফলক ম্যাচটি নেইমার স্মরণীয় করে রাখলেন একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করে। গত মঙ্গলবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেই চেপেছিলেন দেশের বিমানে। পরদিনই সান্তোসের হয়ে খেলতে নেমে গেলেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে। ‘জেট ল্যাগ’কে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত ওই গোলটিও করলেন। রোনালদিনহোর দল অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ২-০-তে এগিয়ে গিয়েও অবশ্য ড্র করেছে সান্তোস। ক্লাব না জিতলেও ওই বিস্ময়-গোলে নিজের প্রতিভা আর সামর্থ্যের প্রমাণ ঠিকই দিয়েছেন নেইমার।সান্তোসের প্রথম গোলটিও ছিল চমক-জাগানিয়া। গোল করার ধরনে নয়, সময়ে। ম্যাচ শুরুর বাঁশি বাজার ২০ সেকেন্ডের মধ্যেই আর্জেন্টাইন স্ট্রাইকার ইজেকুয়েল মিরালেস এগিয়ে দেন সান্তোসকে। এরপর ১২ মিনিটে নেইমারের ওই গোল। ১৮ ও ২৭ মিনিটের বার্নার্ড ও জোর গোলে সমতা ফেরায় মিনেইরো। অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় ম্যাচটি মাঝে বন্ধ ছিল ১০ মিনিট। হেড করতে গিয়ে একসঙ্গে লাফিয়ে মাথা ঠুকে যায় মিনেইরোর দুই ফুটবলার রাফায়েল মার্কেস ও লিওনার্দো সিলভার। মার্কেসকে হাসপাতালে নিতে হয়। বার্নার্ড তখন খেলা চালিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন মাথায় আরেক দফা আঘাত পেয়ে! রয়টার্স।