নেইমারের বেকহাম-স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর যাই হোক, শুভাকাঙ্ক্ষীর অভাব নেই ডেভিড বেকহামের। ব্রাজিলের মাঠ কাঁপানো তারকা নেইমারও আছেন সেই তালিকায়। তবে ইংল্যান্ডের অলিম্পিক দলে বেকহামের অনুপস্থিতি আনন্দ-বেদনার মিশ্র অনুভূতি জোগাচ্ছে তাঁকে।আনন্দিত, কারণ বেকহামের অভাব ইংল্যান্ড ভালোই টের পাবে বলে মনে হচ্ছে নেইমারের। আর সেটা ব্রাজিলের জন্যও হবে সুসংবাদ, ‘আমি খুশি। কারণ, সে (বেকহাম) না খেললে আমাদের কাজটা একটু সহজ হয়।’ তবে বেকহামের বিপক্ষে খেলার আশৈশব স্বপটা ভেঙে গেছে বলে খানিকটা দুঃখিতও তিনি, ‘অসাধারণ এক খেলোয়াড় সে। যদি একবারের জন্যও তাকে প্রতিপক্ষ হিসেবে পেতাম, দারুণ হতো ব্যাপারটা। ছেলেমেয়েদের কাছে গল্প করতে পারতাম।’ অলিম্পিকের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেইমারের দলও এখন লন্ডনে।মিসরের সঙ্গে প্রথম ম্যাচ খেলে নিজেদের অলিম্পিক অভিযান শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। অভিযানের লক্ষ্য একটাই—অলিম্পিক ফুটবলে প্রথম সোনা জেতা। সান্টোস স্ট্রাইকার বললেন, ‘এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। এই অলিম্পিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সোনাটা আমরা আগে জিততে পারিনি। ইতিহাস গড়ার সুযোগ এটাই।’ তবে নেইমার মানছেন, প্রথম ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে বলতে গেলে জানেন না কিছুই, ‘তাদের (মিসর) সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আসলে ওদের বিপক্ষে তো খেলারই সুযোগ হয়নি আমার। অবশ্য আমার কয়েকজন সতীর্থ খেলেছে, তাদের দলটা নাকি বেশ ভালোই। আর মেনেজেস (ব্রাজিল কোচ) আমাদের সব তথ্যই দিয়েছেন। আমি নিশ্চিত, ভালো একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। এবার দেখিয়ে দেব ২০১৪ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আমরা ঠিক রাস্তাতেই আছি।’ ওয়েবসাইট।