নেইমারের রক্তশূন্যতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন তালপাতার সেপাই। নেইমারের ওজন যে বেশ কম সেটা স্বাস্থ্যপরীক্ষার সময়ই জানা গিয়েছিল। স্প্যানিশ পত্রিকা এল পাইস পরশু জানাল, নেইমারের মধ্যে রক্তশূন্যতার লক্ষণও দেখা গেছে! কনফেডারেশনস কাপের পর পরই অবশ্য টনসিলের অস্ত্রোপচার করিয়ে নেইমার কদিন আগে এসেছেন বার্সেলোনায়। নতুন ক্লাবের জার্সি গায়ে ব্রাজিল তারকার অভিষেক হয়েছে পোল্যান্ডে। সেখান থেকে বার্সেলোনায় ফিরে সান্তোসের বিপক্ষে নেমেছেন ন্যু ক্যাম্পে। এখন জানা যাচ্ছে, চিকিৎসকেরা তাঁর মধ্যে রক্তশূন্যতার লক্ষণ খুঁজে পেয়েছেন। সে জন্য নেইমারকে বার্সার চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে, দেওয়া হচ্ছে বেশি ভিটামিনযুক্ত খাবার। রক্তশূন্যতা সারিয়ে তোলা কঠিন কিছু নয়। কিন্তু শীর্ষ পর্যায়ের কোনো খেলোয়াড়ের রক্তে হিমোগ্লোবিন কম থাকলে সেটি তাকে শারীরিকভাবে দুর্বল করে দেয়। যা থেকে আসে ভীষণ অবসাদ। বার্সায় স্বাস্থ্যপরীক্ষার সময় নেইমারের ওজন ছিল ৬৪.৫ কেজি। ক্লাবের চিকিৎসক রিকার্দো প্রুনা তখনই বলেছিলেন, ওজনটা আরও বাড়াতে হবে। এএফপি।