নেইমারের রঙে রঙিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পনেরো দিন আগেও মারাকানায় রোববারের রাতের গল্পটা শোনাত কল্পগাথার মতো। তখনো তাঁকে ঘিরে ছিল সংশয় আর অনিশ্চয়তার বাতাবরণ। হলুদ জার্সি গায়ে কতটুকু কী করতে পারবেন, তা নিয়ে প্রশ্ন ছিল। মাস খানেকও তো হয়নি, ফ্রান্সকে ৩ গোলে ব্রাজিল হারানোর পরও মাঠে দুয়োধ্বনি শুনতে হয়েছিল তাঁকে। ২১ বছর বয়সী প্রতিভাবান এক ফুটবলার, কিন্তু মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি মনোযোগ—এমন একটা দুর্নাম লেগে গিয়েছিল তাঁর গায়ে।কী নাটকীয়ভাবেই না বদলে গেল এই দৃশ্যপট! নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র এখন শুধুই একজন ফুটবলার নন, ফুটবলের সমার্থক দেশটির আশা-ভরসার প্রতীক। বলতে পারেন, স্বপ্নের স্থপতিও। বিশ্বকাপ এখনো এক বছর বাকি। সেখানে কী করবেন সেটা সময়ই বলে দেবে, তবে নেইমার সরবে জানিয়ে দিলেন, তাঁকে নিয়ে মাতামাতিটা অকারণ নয়!ক্যারিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট, প্রথমবারের মতো ১০ নাম্বার জার্সি গায়ে চড়িয়েছেন এই টুর্নামেন্টেই। সেই জার্সি, যেটা পরে ১৭ বছর বয়সী পেলে নামের বিস্ময় নিজেকে চিনিয়েছিলেন বিশ্ব দরবারে। ১৯৫৮ সালের বিশ্ব কাঁপানো বিশ্বকাপ অভিষেকের পর পেলে আর পেছনে ফিরে তাকাননি। ফুটবল ইতিহাসের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। সেই ১০ নম্বর জার্সি যে যোগ্য উত্তরসূরির গায়েই উঠেছে, সেটা নিয়ে পেলেরও নিশ্চয়ই এখন সংশয় নেই।সর্বকালের সেরার সঙ্গে তুলনাটা এখনই বাড়াবাড়ি। পূর্বসূরির সঙ্গে অনেক মিলই আছে, দুজনেই উঠে এসেছেন সান্তোস থেকে। আরও একটা মিল কি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছেন নেইমার? পেলে তিনবার মাথার ওপরে তুলে ধরেছেন যে বিশ্বকাপ, আগামী বছর মারাকানাতে প্রথম স্পর্শ পাবেন তিনিও! এ মুহূর্তে এই আশার ভেলায় ভাসার লোক অনেক পাওয়া যাবে। পুরো কনফেডারেশনস কাপে যা খেললেন, তার পর তো বটেই! জাপানের বিপক্ষে শুরুতেই সেই অসাধারণ গোল যে ক্যানভাসে রং ছড়িয়ে দিয়েছিল, সেখানে তুলির শেষ আঁচড়টা দিয়েছেন ফাইনালে স্পেনের বিপক্ষে বাঁ পায়ের আরেকটি দুর্দান্ত গোলে। পুরো টুর্নামেন্টই তো আসলে রঙিন ছিল নেইমারের রঙে!এমন সাফল্যের পর ২১ বছর তরুণের উচ্ছ্বাসে ভেসে যাওয়ারই কথা! কিন্তু বয়সের সঙ্গে বেমানান পরিণতিবোধের প্রমাণ দিয়ে নেইমার বলছেন, ‘আমি খুবই খুশি। আমরা অনেককেই খুশি করতে পেরেছি। কিন্তু আমাদের উচ্ছ্বাসে ভেসে গেলে চলবে না। পা রাখতে হবে মাটিতেই।’ স্বীকার করলেন এই ব্রাজিলকে তিনিও আশা করেননি, ‘আমরা প্রত্যাশার চেয়েও ভালো খেলেছি। ঠিক পথেই আছি আমরা।’বার্সেলোনায় হয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। মেসির সঙ্গে তাঁর যুগলবন্দী দেখতে উন্মুখ হয়ে আছে ফুটবল-বিশ্ব। এর আগে অবশ্য ছোট্ট একটা ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে নেইমারকে। গলায় টনসিল অপসারণ করতে একটা অস্ত্রোপচার করাবেন আগামী শুক্রবার। বড় কিছু নয়, বড়জোর দিন দশেক বাইরে থাকতে হবে তাঁকে। খবরটা জানানো হয়েছে বার্সেলোনার ওয়েবসাইটে। নেইমার যে এখন যতটা ব্রাজিলের, ততটাই বার্সেলোনার! এএফপি, রয়টার্স।