নেইমারের শত গোল
গোল করেই চলেছেন নেইমার। ফর্মে উড়তে থাকা নেইমার পরশু করেছেন হ্যাটট্রিক। তাঁর হ্যাটট্রিকের সুবাদে সেমিফাইনালে সাও পাওলোকে ৩-১ গোলে হারিয়ে রাজ্য চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে সান্তোস।দলকে ফাইনালে তোলার পথে ব্রাজিলের তরুণ তারকা পরশু ছুঁয়েছেন ব্যক্তিগত একটা মাইলফলকও। মাত্র ২০ বছর বয়সেই পেরিয়ে গেলেন সান্তোসের হয়ে ‘১০০তম’ গোলের মাইলফলক। ৯৯ গোল নিয়ে খেলতে নামা নেইমার ‘১০০তম’ গোল পেয়ে যান ম্যাচের প্রথম মিনিটেই। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে।৩২ মিনিটে আবারও নেইমারের গোল। মাঝমাঠ থেকে বল ধরে প্রথমে পরাস্ত করেছেন তাঁকে পাহারায় রাখা সাও পাওলোর ডিফেন্ডারটিকে। পরে অসাধারণ শটে পরাস্ত করেছেন সাও পাওলোর গোলরক্ষক ডেনিসকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই উইলিয়াম হোসে সাও পাওলোর হয়ে একটি গোল শোধ করে দিলেও একটু পরই নেইমার শেষ পেরেকটি ঠুকে মেতে ওঠেন হ্যাটট্রিক উদ্যাপনে। সান্তোসের হয়ে তাঁর গোল এখন ১০২টি, যা তাঁকে নিয়ে গেছে পেলে পরবর্তী যুগে সান্তোসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকার তিন নম্বরে! মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও ব্রাজিল তারকা পেয়ে গেছেন নগদই। কিংবদন্তি পেলে আগেই বলে দিয়েছেন, মেসির চেয়ে নেইমার ভালো। পেলে-সতীর্থ ক্লোদোয়ালদোর কণ্ঠেই এবার একই প্রতিধ্বনি। ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের এই ডিফেন্ডার বলছেন, মেসির চেয়ে নেইমার ভালো। ‘আমি ওর খেলায় মুগ্ধ। আমি মনে করি, ওই এখন বিশ্বের সেরা খেলোয়াড়’—গোলডটকমকে বলেছেন সান্তোসের সাবেক ডিফেন্ডার।কেন ভালো, তার ব্যাখ্যাও দিয়েছেন ক্লোদোয়ালদো, ‘মেসির উদাহরণ দিয়েই বলতে পারি, সে অসাধারণ খেলোয়াড়। কিন্তু যখন সে খারাপ খেলে, তখন খুবই খারাপ খেলে। কিন্তু নেইমার, যখন খারাপ খেলে তখনো ১০ নম্বরের মধ্যে ৭ পায়। তার পারফরম্যান্সের সর্বনিম্ন পর্যায়েও ম্যাচে প্রভাব রাখে, যা নেইমারের খুবই ইতিবাচক একটা দিক।’ তবে ব্রাজিলেই পড়ে থাকা নয়, রোনালদোদের মতো ক্লোদোয়ালদোরও বিশ্বাস, আরও উন্নতি করতে হলে নেইমারকে ইউরোপে পাড়ি জমাতেই হবে। রয়টার্স, ওয়েবসাইট।