নেইমারের হতাশার রাতে হিগুয়েইনের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের হয়ে নেইমারের রাতটা যেখানে হয়ে থাকল বিস্মরণযোগ্য এএফপি ও রয়টার্স
ব্রাজিলের হয়ে নেইমারের রাতটা যেখানে হয়ে থাকল বিস্মরণযোগ্য এএফপি ও রয়টার্স

তাঁর জন্ম আর্জেন্টিনায়, মা-বাবাসহ পূর্বপুরুষ ইতালিয়ান। এই ম্যাচে তাই ইতালি, না আর্জেন্টিনাকে সমর্থন করবেন এটা নিয়ে খুব দ্বিধায় ছিলেন পোপ ফ্রান্সিস। মেসি-বুফনরা দেখা করতে যাওয়ার পরেই বলেছিলেন, ভাগ্যিস এটা প্রীতি ম্যাচ। নইলে আমি খুব মুশকিলে পড়ে যেতাম।
সেই ‘মুশকিল আসান’ করে দিয়েছেন জন্মভূমি আর্জেন্টিনার ফুটবলাররা। প্রিয় ফুটবলার মেসি খেলেননি, কিন্তু পোপের সম্মানে আয়োজিত প্রীতি ম্যাচে মেসি ছাড়াই ইতালিকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে রোমের এই অলিম্পিক স্টেডিয়ামেই ১২ বছর আগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। সেই দুই প্রতিপক্ষ, সেই একই স্টেডিয়াম। দুই দলের ফুটবলারদের নামগুলো অবশ্য বদলে গেছে এত দিনে, কিন্তু ফল বদলায়নি। এক যুগ আগের সেই ম্যাচের মতোই পরশু রাতেও আর্জেন্টিনার কাছে ইতালির হার ২-১ গোলে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রাতে সবাইকে অবাক করে দিয়ে হেরে গেছে কদিন আগেই কনফেডারেশনস কাপজয়ী ব্রাজিল। আর্জেন্টিনার হয়ে মেসি না খেললেও ব্রাজিলের হয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমার খেলেছেন পুরো ম্যাচ। কিন্তু কনফেডারেশনস কাপের সেই দ্যুতি ছড়ানো নেইমারকে খুঁজে পাওয়া যায়নি। তার ওপর ডিফেন্ডার দানি আলভেসের আত্মঘাতী গোল। বাসেলের সেন্ট জ্যাকব পার্কে সুইজারল্যান্ডের কাছে ব্রাজিল হেরেছে ওই ১ গোলেই।

দারুণ এক গোল করে আর্জেন্টিনার জয়ে ভূমিকা রাখলেন গঞ্জালো হিগুয়েইন  এএফপি ও রয়টার্স
দারুণ এক গোল করে আর্জেন্টিনার জয়ে ভূমিকা রাখলেন গঞ্জালো হিগুয়েইন এএফপি ও রয়টার্স

মেসি না থাকায় কিছুটা বাড়তি দায়িত্ব এসে পড়েছিল গঞ্জালো হিগুয়েইনের কাঁধে। নিজে একটি গোল করে আর এভার বানেগাকে দিয়ে আরও একটি করিয়ে সেই দায়িত্ব দারুণভাবেই পালন করেছেন এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে নাপোলিতে যোগ দেওয়া স্ট্রাইকার। দেশের হয়ে ৩৪ ম্যাচে ২১ গোল, ধীরে ধীরে যেন আরেক বাতিস্তুতা হয়ে উঠছেন হিগুয়েইন। তিন ইতালিয়ান ক্লাবের ফরোয়ার্ড হিগুয়েইন, রদ্রিগো প্যালাসিও আর এরিক লামেলার পেছনের জায়গাটায় দারুণ খেলেছেন রিয়াল মাদ্রিদ তারকা আঙ্গেল ডি মারিয়াও। মেসি ছাড়া আর্জেন্টিনা জিততে পারে না কথাটা ভুল প্রমাণ করতে পেরে সবচেয়ে খুশি যেন তিনিই, ‘লিও (মেসি) থাকলে আক্রমণভাগে আমরা বাড়তি সুবিধা পাই। তবে তাকে ছাড়াও আমরা খেলতে এবং জিততে পারি।’
প্রীতি ম্যাচ বলেই কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করেছেন ইতালির কোচ সিজারে প্রানদেল্লি। অ্যাটাকিং মিডফিল্ডার ড্যানিয়েলে ডি রসিকে নামিয়ে এনেছেন রক্ষণভাগের সামনে। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনিও। তবে ইতালি ভুগেছে মারিও বালোতেল্লির মতো দুর্দান্ত একজন স্ট্রাইকার না থাকায়। এমনকি আর্জেন্টিনার দুর্বল রক্ষণভাগের সামনেও খুবই সাদামাটা দেখাচ্ছিল ইতালিয়ান ফরোয়ার্ডদের। তাও সান্ত্বনা যে মিনিট পনেরো বাকি থাকতে লরেঞ্জো ইনসিনিয়া গোল করে ব্যবধান কমাতে পেরেছেন!
সেন্ট জ্যাকব পার্কে ম্যাচটা শুরু হয়েছিল দারুণ উত্তেজনায়। ২৪ মিনিটের মধ্যে দুই দলের তিনজন হলুদ কার্ড দেখলেন, এঁদের একজন নেইমার। স্পেনের বিপক্ষে কনফেডারেশনস কাপের ফাইনালে খেলা একাদশের ৯ জনই খেলেছেন সুইজারল্যান্ডের বিপক্ষে। কিন্তু সেই আলো ঝলমল ব্রাজিল দলটা যেন হারিয়ে গিয়েছিল অন্য কোথাও। এর সঙ্গে দ্বিতীয়ার্ধের তিন মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে আলভেসের হেড জড়ায় নিজেদের জালে! বাকি সময়টা অনেক চেষ্টা করেও সেই গোল শোধ দিতে পারেনি ব্রাজিল। তাই টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর মেনে নিতে হয়েছে পরাজয়। এই বিবর্ণ পারফরম্যান্সের কারণ হিসেবে অবশ্য প্রাক-মৌসুম জড়তাকেই দায়ী করেছেন নেইমার, ‘আমরা সবে মাঠে ফিরেছি। প্রাক-মৌসুম সময় চলছে এবং এত জলদি সব ছন্দে গাঁথা কিছুটা কঠিন।’ এএফপি।