নেইমারের হ্যাটট্রিক, ৮-০ গোলে জয়ী ব্রাজিল
ব্রাজিলের আসল চেহারাটা দেখল চীন। একই সঙ্গে দেখল গোটা ফুটবল বিশ্বও। ঘরের মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মঙ্গলবার চীনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে মানো মেনেজেসের দল।ব্রাজিলের এই বড় জয়ের নায়ক নেইমার। সান্তোসের এই স্ট্রাইকারের পা থেকে আসে দুর্দান্ত এক হ্যাটট্রিক। নেইমারের পাশাপাশি ব্রাজিলকে একটি করে গোল উপহার দেন র্যামিরেস, লুকাস, হালক ও অস্কার। স্কোরলাইনের আরও একটি গোল ছিল আত্মঘাতী। জেনি লিওর পা থেকে আসে ওই গোল।এ ম্যাচে ব্রাজিলের হয়ে গোল-বন্যার সূচনা করেন র্যামিরেস। ২৩ মিনিটে গোলটি করেন এই মিডফিল্ডার। এর তিন মিনিট পর নিজের প্রথম গোলের দেখা পান নেইমার। প্রথমার্ধে গোল বলতে এই দুটিই।প্রথমার্ধ শেষেই স্পষ্ট হয়েছিল হেসেখেলে জয় পেতে চলেছে ব্রাজিল। তবে জয়ের ব্যবধানটা যে এত বড় হবে, তা বোধ হয় খুব কম লোকই অনুমান করতে পেরেছেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই গোল করেন লুকাস। ৫২ মিনিটে গোল করেন হালক। খেলার ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন নেইমার। এর ছয় মিনিট পর ব্রাজিলের এই নবীন তারকা পূর্ণ করেন হ্যাটট্রিক।ব্রাজিল তখন ৬-০ গোলে এগিয়ে। একের পর গোল খেয়ে চীন যখন জর্জরিত, তখন তাতে নতুন মাত্রা যোগ করেন জেনি লিও। ৭০ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন চীনা এই খেলোয়াড়। এর সুবাদে ৭-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন অস্কার। খেলার বাকি সময়ে অবশ্য আর গোলের দেখা পায়নি ব্রাজিল। কিন্তু তাতে কী! যা ঘটার নেইমাররা তা ঘটিয়ে দিয়েছেন বেশ আগেই। সূত্র: গোল ডটকম।