নেইমারের 'হলদে' অভিষেকে চিন্তিত নন মার্টিনো

বার্সেলোনার জার্সি গায়ে চড়িয়েই সাফল্যের শীর্ষে উঠেছিলেন রোনালদো, রোমারিও, রোনালদিনহোর মতো ব্রাজিলিয়ান তারকারা। নেইমারও সেই পথেই হাঁটবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। কিন্তু বার্সেলোনার জার্সি গায়ে লা লিগার প্রথম ম্যাচে খুঁজে পাওয়া যায়নি কনফেডারেশনস কাপে দ্যুতি ছড়ানো সেই নেইমারকে। ৬৪ মিনিটে সানচেজের বদলি হিসেবে মাঠে নামার পর গোল তো দূরের কথা, পায়ের কারুকাজের এক-দুটো সে রকম ঝলকও দেখাননি। উল্টো অভিষেকটা বিস্বাদময় করে রাখতেই যেন ৮৮ মিনিটে খেয়ে বসেন হলুদ কার্ড। এ যেন হলদে অভিষেক!
বার্সার গোলবন্যা দিয়ে শুরু করলেও অভিষেকটা সুখকর হয়নি নেইমারের। তবে এটাকে খুব বেশি পাত্তা দিতে চাচ্ছেন না কোচ জেরার্ডো মার্টিনো। সদ্যই ন্যু ক্যাম্পে আসার পর নেইমারের যে সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দরকার, সেটাই সবাইকে মনে করিয়ে দিয়েছেন বার্সার নতুন এই আর্জেন্টাইন কোচ।
রোনালদো, রোনালদিনহো বার্সার জার্সি গায়ে অভিষেকেই গোল করেছিলেন। রোমারিওর শুরুটা ছিল আরও বর্ণিল। অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকার। ব্রাজিলের উঠতি তারকা নেইমারও এ রকম তাক লাগানো পারফরম্যান্স দিয়েই বার্সেলোনা ক্যারিয়ারটা শুরু করবেন, এমনটাই হয়তো আশা করেছিলেন অনেকে। কিন্তু তেমনটা হয়নি।
যদিও এটাকে খুব একটা বড় করে দেখতে নারাজ বার্সা কোচ, ‘দলের সঙ্গে নেইমারকে খাপ খাইয়ে নিতে হবে। এটার জন্য কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়িই আমরা তার সেরাটা দেখতে পাব। কিন্তু সে জন্য এখন আমাদের তাকে সময় দিতে হবে।’
শুধু নেইমারের অভিষেকই না, পুরো ফুটবল বিশ্বের নজর ছিল মেসি-নেইমার জুটির দিকে। যদিও গত পরশু লেভান্তের বিপক্ষে মাত্র চার মিনিটই একসঙ্গে মাঠে ছিলেন প্রতিভাবান এই দুই ফুটবলার। ৬৬ মিনিটে নেইমার নাঠে নামার পর ৭০ মিনিটে মাঠের বাইরে গেছেন মেসি। মার্টিনোর এই সিদ্ধান্তটাও হয়তো হতাশ করেছে ফুটবলপ্রেমীদের। কিন্তু সবাইকে খুশি করা যে সম্ভব নয় সেটা স্পষ্টভাবেই বলেছেন মার্টিনো, ‘আমাদের অবশ্যই নেইমারের ওপর অনেক প্রত্যাশা আছে। কিন্তু আমরা সেটার প্রতিদান চাই আস্তে আস্তে। কারণ সবাইকে খুশি করার জন্য যদি প্রথম থেকেই মেসি আর নেইমারকে একসঙ্গে খেলানো হয়, তাহলে সেটা হয়তো খেলোয়াড়দেরই ইচ্ছার বিরুদ্ধে যাবে।’
মার্টিনোকে বলতে হয়েছে আরেকটি বিষয় নিয়ে। কোনো রকম ইনজুরি না থাকলেও ৭০ মিনিটে মেসিকে তুলে নেন কোচ। অথচ দুই গোল করে মেসি তখন হ্যাটট্রিকের জন্য ক্ষুধার্ত। মেসিকে এভাবে ক্ষুধা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচের নির্দেশে। পুরো ফিট থাকার পরও এত আগে মেসিকে মাঠ থেকে তুলে আনার ‘সাহস’ সর্বশেষ দেখিয়েছিলেন গার্দিওলাই, সেটিও তিন বছর আগে। বার্সায় ‘বস’ কে, সেই বার্তাই কি মার্টিনো দিতে চেয়েছেন মেসিকে? কোচের জবাব, ‘আমি ইতিমধ্যেই মেসির সঙ্গে এ নিয়ে কথা বলেছি। মৌসুমটা অনেক লম্বা। অনেকগুলো ম্যাচ খেলতে হবে। কেউই হয়তো তাকে তুলে নিত চাইবে না। কিন্তু তার সুস্থতার দিকে নজর রাখা আর তাকে রক্ষা করাটাও খুব গুরুত্বপূর্ণ।’