নেইমারের'হ্যাঁ', পেলের'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেলে ও নেইমার
পেলে ও নেইমার

পেলে আর নেইমার। দুজনেই গায়ে চড়িয়েছেন ঐতিহ্য-সম্মানের ১০ নম্বর জার্সিটি। গোল করার দক্ষতার দিক দিয়েও হয়তো মিল পাওয়া যাবে দুই প্রজন্মের এই দুই ব্রাজিলীয় তারকার। কিন্তু একটা জায়গায় তাঁদের অবস্থান পুরোপুরি বিপরীত মেরুতে। নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে ব্রাজিলে যে বিক্ষোভ চলছে, তার কঠোর সমালোচনা করেছেন সাবেক তারকা পেলে। ব্রাজিলবাসীকে আন্দোলনের কথা ভুলে গিয়ে ফুটবলে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে, নেইমার গলা চড়িয়েছেন আন্দোলনকারীদের সমর্থনে। শুধু তা-ই না, চলমান এই আন্দোলন থেকে নাকি অনুপ্রেরণাও সংগ্রহ করছেন ব্রাজিলের এই বিস্ময়-বালক।

কনফেডারেশনস কাপের শুরু থেকেই বিক্ষোভে উত্তাল হয়েছে ব্রাজিল। দেশটির সাধারণ মানুষের দাবি, স্টেডিয়াম নির্মাণ ও সংস্কারের কাজে সরকার যে অতিরিক্ত অর্থ ব্যয় করেছে, সেটা যাওয়া উচিত ছিল জনগণের যোগাযোগব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে। এর সঙ্গে সরকারের দুর্নীতি, নানাবিধ অব্যবস্থাপনা আর মুদ্রাস্ফীতিও উসকে দিয়েছে আন্দোলনকারীদের ক্ষোভ। ব্রাজিলিয়ান সরকারের কর্তাব্যক্তিরা এই বিক্ষোভ-আন্দোলন নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়লেও দেশবাসীর এই আন্দোলনকে মোটেও অন্যায্য বলে মনে করেন না নেইমার। তাঁর ভাষায়, ‘আমি একজন ব্রাজিলিয়ান, আর আমি আমার দেশকে ভালোবাসি। ব্রাজিলে আমার পরিবার আছে, অনেক বন্ধু আছে। এ কারণে আমি অবশ্যই এমন একটা দেশ চাই যেটা হবে নিরাপদ আর অনেক সত্। আমি শুধু একটা পথেই নিজ দেশকে সম্মান দেখাতে পারি, আর সেটা হচ্ছে ফুটবল মাঠে খেলার মাধ্যমে। আমি এই আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েই মাঠে নামব।’ গতকাল মেক্সিকোর বিপক্ষে মাঠে নামার আগ দিয়ে নিজের ফেসবুকে এই কথাগুলো লিখেছিলেন নেইমার। আন্দোলনে যে সত্যিই অনুপ্রাণিত হয়েছেন, সেটা বেশ ভালোমতোই টের পাওয়া গেল ম্যাচ শেষে। দারুণ দক্ষতা দেখিয়ে নিজে করেছেন দলের পক্ষে প্রথম গোল। পরে ব্রাজিলের দ্বিতীয় গোলটির কারিগরও ছিলেন এই ২১ বছর বয়সী স্ট্রাইকার। মাঠে-মাঠের বাইরে সবদিক দিয়েই নিশ্চয়ই  দেশবাসীর মন জয় নিয়েছেন তিনি।

অন্যদিকে সাবেক ‘১০ নম্বর’ পেলে আছেন ব্রাজিলবাসীর তোপের মুখে। আন্দোলন-বিক্ষোভের কথা ভুলে গিয়ে শুধুই ফুটবলে মনোযোগ দেওয়ার পরামর্শ ছিল এই ব্রাজিলিয়ান কিংবদন্তির। কিন্তু তাঁর এই আহ্বান সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনের ক্ষেত্রে কোনোই প্রভাব রাখতে পারেনি। বরং এ ধরনের বক্তব্য দেওয়ার কারণে পড়তে হচ্ছে তীব্র সমালোচনার মুখে। ব্রাজিলের একজন সাধারণ নাগরিক নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এখন পেলে ভিডিও রেকর্ড করে জনগণকে বলছেন এই বিক্ষোভের কথা ভুলে গিয়ে দলকে সমর্থন দিতে। জাতীয় দল, ফিফা, লাখ লাখ টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ—সবকিছু নরকে যাক।’ অপর একজনের সমালোচনার ভাষা আরও তীব্র। পেলের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আপনি হাসপাতালে যান, কোনো নিরাপত্তা নেই এরকম একটা বাসে চড়েন, তারপর দেখি আপনি কীভাবে এসব আজেবাজে কথা বলতে পারেন।’ রয়টার্স