নেইমারোনালদো!

পুরো মাথা কামানো, শুধু সামনের দিকে ত্রিভুজাকৃতির একগুচ্ছ চুল৷ রোনালদোর জন্য সেটি ছিল সৌভাগ্যের প্রতীক৷ নতুন ওই চুলের স্টাইল নিয়ে ২০০২ বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন ‘দ্য ফেনোমেনন’, দেশকে জিতিয়েছিলেন বিশ্বকাপ৷ কিন্তু ফুটবল দিয়ে সেবার যতটা মন ভরিয়েছিলেন, অনেকের মতে ততটাই দৃষ্টিকটু ছিল চুলের সেই ধরন৷ ফুটবলারদের জঘন্য চুলের স্টাইলের সব জরিপে রোনালদোর ওই স্টাইলের উপস্থিতি নিশ্চিত৷ এখন দেখা যাচ্ছে, ওই স্টাইলের একজন ভক্তও আছেন! সেই ভক্ত নিজেই আবার এখন ‘স্টাইল আইকন’৷ তাঁর মতো চুলের স্টাইল এখন বিশ্বজুড়ে অনেকেরই৷ ব্রাজিল ‘সেনসেশন’ নেইমার জানালেন, ২০০২ বিশ্বকাপের সময় তিনিও চুল কেটেছিলেন রোনালদোর মতো করে!
পিচ্চি নেইমার তখন মনের আনন্দে খেলে বেড়ান বাড়ির আঙিনা, পাড়ার মাঠ আর অলিগলিতে৷ ব্রাজিলের ‘পেন্টা’ মিশনে রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে মনে আঁকলেন ভবিষ্যতের ছবি৷ আর নিজের মাথায় রাখলেন রোনালদোর ছাপ! ‘২০০২ সালে রোনালদোর মতো হেয়ারকাট দিয়েছিলাম আমি৷ খুব বেশি মনে নেই সেই সময়ের কথা৷ তবে মনে আছে, শিরোপা জয়ের পর দারুণ মজা করেছিলাম৷ রোমারিও আর রোনালদোর বিশ্বকাপ-কীর্তি শুনে-দেখেই আমি বড় হয়েছি’—জানালেন নেইমার৷
সেই নেইমার এখন অনেক ‘বড়’৷ তাঁর এবার ব্রাজিলের বিশ্বকাপ-স্বপ্ন৷ চুলের স্টাইলে এখন যেমন স্বাতন্ত্র্য, মাঠেও তেমনি হয়ে উঠতে চান নিজের মতো, ‘বিশ্বের সেরা সব ফুটবলারের কাছ থেকেই আমি অনুপ্রেরণা খুঁজে নিই৷ বিশেষ করে, মেসি-রোনালদোর মতো ফুটবলার থেকে৷ তবে নিজের পথ আমি নিজেই খুঁজে নিতে চাই, সেই পথ ধরে এগোতে চাই সতীর্থদের নিয়ে৷’ ওয়েবসাইট৷