নেইমার-অস্কারে ছুটছে ব্রাজিলের স্বপ্ন

নেইমার হাসছেন৷ অস্কার হাসছেন৷ সেই হাসিতে সাফল্য-রোদের লুটোপুটি৷
বিশ্বকাপের প্রথম ম্যাচ৷ প্রত্যাশার চাপ৷ মাঠের বাইরে বিশ্বকাপ আয়োজন নিয়ে দেশবাসীরই বিক্ষোভ৷ সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ানসে কাঁদানে গ্যাসের ঝাঁজ তখনো মিইয়ে দিতে পারেনি লোপেজ-লেইটে-পিটপুলদের ‘ওলে ওলা’র কোমর দুলুনি৷ সেই সময় ব্রাজিলের জালেই গোল৷ আত্মঘাতী বল ঠেললেন মার্সেলো!
দুই ২২ বছর বয়সীর অনভিজ্ঞ কাঁধে চাপের পাহাড় বোঝাটি কল্পনা করুন৷ চাপের সেই পাহাড় ঠেলে জেগে উঠল দুই ফিনিক্স পাখি৷ প্রথমে নেইমার, তারপর অস্কার৷ ক্রোয়াট চোখরাঙানি অগ্রাহ্য করে বিশ্বকাপের বোধন হলো ৩-১ গোলের জয়ে৷ বিশ্বকাপ অভিষেকেই জোড়া গোল নেইমারের, পেলের বিশ্বকাপ-যাত্রার শুরুটাও এত ঝলমলে হয়নি৷ প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে কফিনে শেষ পেরেক ঠুকেছেন অস্কার৷
প্রথম ম্যাচে ব্রাজিলের খেলায় অ্যাকিলিসের গোড়ালি কিংবা বেহুলার বাসরঘরের দুর্বলতা অনেকগুলোই পাওয়া যাবে৷ কিন্তু বাইশের যুগলবন্দী নতুন আশাবরী গান শোনাচ্ছে ব্রাজিলকে৷ নেইমার-অস্কারেই এখন ব্রাজিলের স্বপ্ন সওয়ার৷
ম্যাচসেরা নেইমারও ম্যাচ শেষে মেনেছেন, শুরুটা প্রত্যাশামতো হয়নি৷ নেইমারের দাবি, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের চাপের কারণেই এমনটা হয়েছে, ‘ম্যাচটা জটিল ছিল৷ মানসিক চাপের কারণে ম্যাচের লাগাম পেতে আমাদের সময় লেগেছে৷ স্নায়ুচাপে ভুগছিলাম৷ তবে ভাগ্য ভালো আমরা জয় দিয়েই শেষ করেছি৷’
প্রথমে আত্মঘাতী গোলে ‘শাপেবর’ই দেখছেন নেইমার, ‘বিরূপ পিরস্থিতিতে কী করা দরকার, সেটা আমরা দেখিয়ে দিয়েছি৷ আমরা জানতাম, ঘাবড়ে যাওয়ার বদলে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে৷’ ভবিষ্যতের পাথেয়ও বাতলালেন, ‘এখন আমাদের এভাবেই খেলে যেতে হবে৷ যেসব কাজ ভালো করেছি, সেগুলোর পুনরাবৃত্তি করতে হবে৷ কী ভুল করেছি, সেগুলোও খুঁজে বের করতে হবে৷’
বয়সের তুলনায় অনেক পরিণত নেইমার নিজের চেয়ে সব সময়ই দলের কথা বেশি করে বলেন৷ দলীয় ঐকতানেই তাঁর আস্থা৷ তবে একফাঁকে বলে রাখলেন, ‘যেমনটা কল্পনা করেছিলাম বা স্বপ্ন দেখেছিলাম, অভিষেকটা তার চেয়েও স্মরণীয় হলো৷’
জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচে ৩৩ গোল৷ রোনালদিনহোর রেকর্ড ছুঁয়ে ব্রাজিলের ইতিহাসের সপ্তম সর্বোচ্চ গোলদাতা এখন তিনি, সেটিও মাত্র ২২ বছর বয়সেই৷ নেইমার আস্থার প্রতিদান দিয়েই চলেছেন৷ আরেকজনের গল্পটা একটু অন্য রকম৷ অস্কারের বদলে একাদশে উইলিয়ানকে দেখতে চেয়েছিল ব্রাজিলের সংবাদমাধ্যম৷ ম্যাচ শেষে সাংবাদিকদের সেটাই মনে করিয়ে দিয়ে অস্কার বলেছেন, ‘আমাকে দল থেকে একজনই বাদ দিতে পারেন—বিগ ফিল৷ আপনাদের কথায় কিছুই যায়-আসে না৷’
‘জবাব’ দেওয়ার কাজটা তাই বলে শেষ ধরছেন না৷ অস্কার একফাঁকে এও বলছেন, ‘আমি মাটিতেই পা রাখছি৷ সামনের ম্যাচেও ভালো খেলতে চাই৷’
নেইমার-অস্কারের এই সাফল্য-ক্ষুধাই তো বেশি করে চাইছে ব্রাজিল!