নেচেও শান্তি নেই লোক্টির

রিও অলিম্পিক চলাকালে ছিনতাই গল্প সাজিয়ে হইচই ফেলেছিলেন রায়ান লোক্টি। গল্পের বুননটা শক্ত না হওয়ায় ধরা পড়ে হেনস্তাও কম হননি যুক্তরাষ্ট্রের সাঁতার তারকা। স্পনসররা মুখ ফিরিয়ে নিয়েছে, সাঁতার থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধও হয়ে গেছেন ফেল্প্স-সতীর্থ। এসব অশান্তি মন থেকে ঝেড়ে ফেলতেই কি না, লোক্টি নাম লিখিয়েছেন এবিসি টেলিভিশনের ‘ড্যান্সিং উইথ দ্য স্টারসে’। কিন্তু সেখানেও শান্তি মিলল না। লোক্টির অংশগ্রহণের প্রতিবাদে দুজন আগন্তুক মঞ্চেই উঠে গেলেন।
ঘটনাটি গতকালের। মঞ্চে নাচের পর সঙ্গী পেশাদার নৃত্য শিল্পী শেরিল বার্ককে নিয়ে বিচারকদের মন্তব্য শুনছিলেন লোক্টি। এ সময়েই প্রতিবাদকারীরা উঠে পড়েন মঞ্চে। নিরাপত্তাকর্মীরা অবশ্য দ্রুতই ওই দুজনকে মঞ্চ থেকে নামিয়ে দেন। শুধু ওই দুজনই নন, উপস্থিত দর্শকদের অনেকেই লোক্টির বিরুদ্ধে স্লোগান দেন। বের করে দেওয়া হয় তাঁদেরকেও।
এবিসি চ্যানেলের এক প্রতিবেদক পরে হ্যান্ডকাফ লাগানো দুজনের ছবি টুইট করেছেন। যেখানে ওই দুই ব্যক্তিকে লোক্টি বিরোধী টি-শার্ট পরনে দেখা যায়।