পোর্ট এলিজাবেথ টেস্ট: ১-০-তে সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকা উল্টো ১ পয়েন্ট হারাবে!
নেটে ‘স্টেইন’দের খেলল কিউইরা!
গত পরশু নিউজিল্যান্ডের নেট দেখলে যে কেউ অবাক হয়ে ভাবতে পারতেন, কী ব্যাপার! দলের ব্যাটসম্যান আর বোলারদের লেগে গেল নাকি! কিউই ফাস্ট বোলাররা এমন তেড়েফুঁড়ে বোলিং করছে কেন! ব্যাটসম্যানদের মুখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে বল, গায়ে লাগছে...নেটে কেন এমন যুদ্ধ-যুদ্ধ আবহ!ব্যাখ্যাটা দিলেন ক্রিস মার্টিন, ‘চ্যালেঞ্জটা যখন আমাদের জানা, তীব্রতা আর মানসিকতার দিক থেকে অনুশীলনটা ম্যাচের যত কাছাকাছি করা যায় আর কি!’ কেপটাউনে প্রথম টেস্টে ফিল্যান্ডার-স্টেইন-মরকেলের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে গুটিয়ে গেছে। শেষ পর্যন্ত তিন দিনের মধ্যে হেরেছে ইনিংস ও ২৭ রানে। সেই অভিজ্ঞতা মনে রেখেই নিউজিল্যান্ডের অমন প্রস্তুতি। যদিও মার্টিন নিজেই বলেছেন, ‘নেটে স্টেইন, মরকেল ও ফিল্যান্ডারের মুখোমুখি হওয়াটা কল্পনা করাও কঠিন। তবে বোলাররা সবাই মিলে আরেকটু আক্রমণাত্মক হয়ে আমাদের ব্যাটসম্যানদের অনুশীলনটা যাতে যথাযথ হয়, সেই চেষ্টা করেছি। এভাবে অনুশীলন করার পর আসল লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত বলে মনে হয়।’ হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় আজ পোর্ট এলিজাবেথে শুরু দ্বিতীয় টেস্টে ফিল্যান্ডার নেই। কিন্তু তাতেও কি কিউই ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা কম! স্টেইন-মরকেল-ক্যালিসের সঙ্গে ফিল্যান্ডারের বিকল্প হিসেবে যোগ হচ্ছেন ররি ক্লেইনভেল্ট। এর আগে টেস্ট খেলেছেন দুটি। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে অভিষেকে অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে কোনো উইকেট পাননি, তবে আলোচনায় এসেছিলেন ঠিকই। তবে সেটি ১২টি নো বল করায়। অ্যাডিলেডে পরের টেস্টে তার পরও ফিল্যান্ডারকে বাইরে রেখে নেওয়া হয়েছিল তাঁকে। সেই টেস্টেও ১১টি নো বল! তবে ‘ক্ষতিপূরণ’ করেছিলেন দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটসম্যানকে আউট করে।আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরের সঙ্গে আট নম্বর দলের লড়াই যেমন হবে বলে অনুমিত ছিল, কেপটাউন টেস্টটা তার চেয়েও একপেশে হয়েছে। দুই দলের মধ্যে ব্যবধানটা এতই বেশি যে ১-০-তে সিরিজ জিতলে দক্ষিণ আফ্রিকা উল্টো ১ পয়েন্ট হারাবে! ২-০ জিতলেও মাত্র ১ পয়েন্টই পাবে। আর নিউজিল্যান্ড সিরিজ ড্র করার মতো অলৌকিক কিছু ঘটিয়ে ফেললে সেই ড্র হবে দুই দলের জন্য পুরো বিপরীত। দক্ষিণ আফ্রিকা ৪ পয়েন্ট হারাবে, নিউজিল্যান্ড পাবে ৪ পয়েন্ট।কেপটাউন টেস্টে অপদস্থ হওয়ার পর নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও তেমন সম্ভাবনার কথা ভাবতে সাহস পাচ্ছেন কি না সন্দেহ। তবে ভেন্যুটা হয়তো একটু স্বস্তি দিচ্ছে তাঁকে। পোর্ট এলিজাবেথে টেস্ট ক্রিকেট ফিরছে ছয় বছর পর। সেন্ট জর্জেস পার্কের উইকেটে ঐতিহ্যগতভাবেই দক্ষিণ আফ্রিকার অন্য সব মাঠের তুলনায় পেস ও বাউন্স কম। তবে এটা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকানরা উইকেটে বেশি ঘাস রেখে দিলে ভিন্ন কথা। বাতাস, হ্যাঁ বাতাসও একটা ব্যাপার। সাগরের দিক থেকে বয়ে আসা পুবালি হাওয়া বইলে সুইং ও সিম বোলিংয়ের জন্য তা খুব সহায়ক হয়। মূল ভূমি থেকে পশ্চিমা বাতাস যেখানে ব্যাটিংবান্ধব কন্ডিশনের পক্ষে কাজ করে।অন্য অনেক কিছুর মতো কিউইদের চাওয়া থাকবে তা হলে এটাও—এই টেস্টে বাতাস যেন শুধু পশ্চিম দিক থেকেই বয়! তথ্যসূত্র: এএফপি।