নেতা এখন ডেভিড লুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড লুইজ
ডেভিড লুইজ

বাবরি দোলানো ঝাঁকড়া চুল।বিস্ফারিত চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। দৌড়ে গিয়ে কর্নার ফ্ল্যাগে কারাতে কিক। ব্রাজিলকে সেমিফাইনালে ওঠানো অসাধারণ ফ্রিকিক গোলটির পরই যেন পাওয়া গেল আসল ডেভিড লুইজকে। খ্যাপাটে এই উদ্যাপনই যে বেশি মিলে যায় লুইজের অপ্রথাগত খেলার ধরনের সঙ্গে।
দ্বিতীয় রাউন্ডেও ব্রাজিল বেঁচেছে এই সেন্ট্রাল ডিফেন্ডার গোলে। ওই ম্যাচেই টাইব্রেকারে যেচে নিয়েছেন প্রথম শটটা। এরপর কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ওই গোল। কলম্বিয়াকে পেছনে ফেলার পর সেমিফাইনালে জার্মানির সঙ্গে এমনিতেই দায়িত্বটা বেড়ে যাওয়ার কথা লুইজের।ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দায়িত্বটা আরও বাড়িয়ে দিচ্ছে পরিস্থিতি। নির্মম ফাউলের শিকার হয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে নেইমারের।দুই হলুদ কার্ডের খাঁড়ায় আজ নেই অধিনায়ক থিয়াগো সিলভাও। মাঠের ঘোষিত-অঘোষিত দুই নেতাকেই হারিয়ে দিশেহারা ব্রাজিলকে আজ নেতৃত্ব দিতে হবে লুইজকেই। বেলো হরিজন্তেতে আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে লুইজের নেতৃত্বেই।
মাস খানেক আগে সাড়ে আট কোটি ডলারে চেলসি থেকে তাঁকে কিনে নিয়েছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার প্রস্তুত নেতৃত্ব দিতে, ‘আমি প্রস্তুত, আমি সহ-অধিনায়ক। এই দলটাকে সামলানো খুবই সহজ কারণ এরা প্রত্যেকেই খুব ভদ্র ও মজার লোক। আমরা একটা পরিবার, একটি দল।’
লুইজকে তো নেতৃত্ব দিতেই হবে। নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ব্রাজিলের এই দলটায় সবচেয়ে উজ্জ্বল নামটা যে লুইজই। লুইস ফেলিপে স্কলারির সবচেয়ে বড় আশ্রয়ও এখন লুইজ। ২০ মাস আগে স্কলারি আবারও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ডেভিড লুইজ পুরো ৯০ মিনিট খেলেছে এমন ম্যাচে কখনো হারেনি ব্রাজিল। সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে ব্রাজিল। জার্মানি নামের সেই চ্যালেঞ্জকে অবশ্য সমীহের চোখেই দেখছেন লুইজ, ‘তারা যেভাবে ফুটবল খেলে, তাদের যে ফুটবল দর্শন, সব মিলিয়ে তারা অসাধারণ এক দল। ওদের অনেক গ্রেট খেলোয়াড় আছে, আছে দারুণ এক কোচও। দারুণ এক ম্যাচই হতে যাচ্ছে। এটা বিশ্বকাপের সেমিফাইনাল।’ এএফপি।