সাকিব কি সেই রাজপুত্র, একদিন যে পঙ্খিরাজে চেপে আসবে দৈত্যপুরীতে। ঘুম ভাঙাবে রুপার পালঙ্কে ঘুমিয়ে থাকা ক্রিকেট-রাজকন্যার!এমন কিছু ক্ষণজন্মা ক্রিকেটার থাকে, যাদের আবির্ভাব পুরো দলের খোলনলচে পাল্টে দেয়। কিংবা এমন কিছু ক্যারিশমাটিক চরিত্র থাকে, যারা দলে এনে দেয় বিপুল আত্মবিশ্বাস। ইমরান খান, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা...।সাকিব এখনো ওই পর্যায়ে যায়নি। সামনে এখনো বিস্তর পথ। তবে আমাদের ক্রিকেটের জন্য আশীর্বাদ হয়ে আসা সাকিব হতে পারে সেই রাজপুত্রই।ওর সঙ্গে প্রথম দেখাতেই মনে হয়েছিল, ওর মধ্যে কিছু একটা আছে। অন্য এক বিভা। ২০০৬ জিম্বাবুয়ে সফরে ও প্রথম দলে এসেছিল। দলে এসেছিল চার নম্বর ব্যাটসম্যান হিসেবে, মাঝেমধ্যে কাজ চালানো টুকটাক বোলিং পারে।মনে আছে সেবার প্রস্তুতি ম্যাচে ওকে বল করিয়েছিলাম। রফিক-রাজ্জাক ছিল বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা ওকেই টার্গেট করেছিল। অনেক রান দিয়েছিল সাকিব। ওর অভিষেক হলো সিরিজের পঞ্চম ম্যাচে, ১০ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট। এই উদাহরণ এ জন্যই দিলাম, সাকিবের সবচেয়ে বড় গুণ, ও দ্রুত বুঝে ফেলে কোথায় ওর ভুল হচ্ছে। শুধু বুঝতে পারাটাই তো শেষ কথা নয়। সাকিবের আছে সেটি অবিশ্বাস্য দ্রুততায় শুধরে নেওয়ার ক্ষমতাও।দুই বছর আগে একটি কলামে লিখেছিলাম, ভালো ক্রিকেটার আমরা অনেক পেয়েছি। কিন্তু গ্রেট ক্রিকেটার পাইনি। সাকিব হতে পারে সেই গ্রেট ক্রিকেটারদের একজন। দুই বছর পর এসে মনে হচ্ছে, কথাটা ভুল বলিনি। তবে এটাও নির্দ্বিধায় স্বীকার করছি, সাকিব অনেক ক্ষেত্রেই আমার প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। প্রথমত বোলার সাকিবের কথাই বলি। জাতীয় লিগে আমরা দুজনই খুলনার হয়ে খেলি। ২০০৬ সালেরই কথা হবে সম্ভবত। সাকিব চারে ব্যাট করে। আমাদের দলে ছিল মুরাদ খান নামের এক বাঁহাতি স্পিনার। ওকেই মূল স্পিনার হিসেবে আমি ব্যবহার করতাম, সাকিব মাঝখানে দু-এক ওভার করে বল করত।সেই সাকিবই এখন বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনারদের একজন! সেই সাকিব এখন আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে আছে, টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে আটে, ভেট্টোরির এক ধাপ ওপরে।বোলার সাকিব ছাড়াও আমাকে বিস্মিত করেছে ‘অধিনায়ক সাকিব’। ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির আকস্মিক ইনজুরি অধিনায়ক বানিয়ে দিয়েছিল ওকে। অথচ এর আগে বলতে গেলে খুব একটা অধিনায়কত্বের অভিজ্ঞতা ওর ছিল না। সেই সাকিব আমাদের ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতিয়েছে, ওয়ানডে সিরিজও। পরিসংখ্যান বলবে, বাংলাদেশের সফল অধিনায়ক এখনো আমি। কিন্তু সাকিবের রেকর্ড দেখুন। ওয়ানডেতে ৩৩ ম্যাচের ১৭টিতেই ও জিতেছে, হেরেছে ১৬টি। আমার ২৯টি জয়ের বিপরীতে আছে ৪০টি পরাজয়।ওর সাফল্যের মূল রহস্যই হলো সহজাত প্রতিভা। দ্রুত আঁচ করে নিতে পারে ম্যাচের পরিস্থিতি। কোনো সিদ্ধান্ত নিতে তাই সিদ্ধান্তহীনতায় ভোগে না। সাকিবের আরেকটি বড় গুণ, ওর মধ্যে কোনো ভণিতা নেই। অকপট কথা বলতে ভালোবাসে। মনে পড়ছে, ২০০৭ বিশ্বকাপে স্থানীয় বাঙালিদের দেওয়া নৈশভোজে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আমাদের। আগের ম্যাচটা ভালো খেলিনি বলে সেখানে একজন বাজে একটা মন্তব্য করেছিলেন। আমরা মাত্রই খেতে শুরু করেছিলাম, সেই সময়। আমি সঙ্গে সঙ্গে খাবার টেবিল থেকে উঠে চলে গেছি। বাকিদের তো আর বলতে পারি না, তোরাও চল। কিন্তু দেখলাম, সাকিব সঙ্গে সঙ্গে চলে গেল। মাশরাফি, রাজ্জাকও।ওর মধ্যে আত্মসম্মানবোধ প্রবল। অনেকে এটাকে ওর ঔদ্ধত্য ভাবতে পারে। কিন্তু সাকিবের মুখের ওপর কোনো মুখোশ নেই। ব্যাটসম্যান সাকিবের ব্যাপারে আমি মুগ্ধ শুরু থেকেই। খুব ভালো বলেও সিঙ্গেল বের করার ক্ষমতা আছে ওর। শুধু চার-ছয় মারাই একজন ব্যাটসম্যানের আসল পরিচয় নয়। ভালো বলে এক রান নিতে পারাও সমান গুরুত্বপূর্ণ। এতে করে রানরেটের চাপ তৈরি হয় না। শট খেলতে ঝুঁকি নেওয়ার হারও কমে যায়।আমার মতে সাকিবের মূল পজিশন চার নম্বরেই। মাঝেমধ্যে ওকে ছয় কিংবা সাতেও ব্যাট করতে দেখি। মূলত ব্যাট করছে পাঁচে। কিন্তু আমার পরামর্শ ওকে চারেই ব্যাট করানো হোক। হয়তো ওর ওপর চাপটা বেশি পড়ছে, এ কারণে নিচে নেমে খেলতে হচ্ছে। বোলিং আছে, অধিনায়কত্বের চাপ আছে। বিশ্বকাপে তো চাপ থাকবে আরও বেশি। এখানে মাঠের বাইরে হাজারটা আনুষ্ঠানিকতা সারতে হয়। রুটিন সংবাদ সম্মেলন তো আছেই। তা ছাড়া এবার বিশ্বকাপ তো আমাদের দেশেই।গত বিশ্বকাপের চেয়ে এবার মূল পার্থক্য, গতবার আমাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া ছিল বোনাস। এবার দ্বিতীয় রাউন্ড আমাদের প্রত্যাশিত। খুব ভালো লাগল দেখে, দলের সবাই এক সুরে বলছে—লক্ষ্য কোয়ার্টার ফাইনাল।ফলে প্রত্যাশার চাপ তো থাকবেই। সাকিবের ওপর থাকবে সবচেয়ে বেশি। আমি বলব, দলের সবাই ভাগাভাগি করে সাকিবের ওপর থেকে যথাসম্ভব চাপ কমিয়ে নিক। আর সাকিবকে বলব, মাথাটা ঠান্ডা রাখতে। পরিস্থিতি যা-ই হোক না কেন, মাথা ঠান্ডা রাখাই শেষ পর্যন্ত একজন অধিনায়ককে জিতিয়ে দেয়।