নেতৃত্ব নিয়ে কখনো ভাবিনি: তামিম
জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়কের দায়িত্ব থেকে সদ্য অব্যাহতি পাওয়া তামিম ইকবাল জানিয়েছেন, নেতৃত্ব নিয়ে তিনি কখনো ভাবেননি। তাঁর কাছে স্বাভাবিক খেলাটাই আসল।জিম্বাবুয়ে সফরে ব্যর্থতা এবং বেশ কিছু বিতর্ককে ইস্যু করে অধিনায়ক সাকিব আল হাসান ও তাঁর ডেপুটি তামিমকে গত সোমবার নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ঘটনার পর আজ প্রথম সাংবাদিকদের সামনে উপস্থিত হন তামিম।আসন্ন বিসিবি কাপকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমার কাছে খেলাটাই আসল। সহ-অধিনায়ক পদ থেকে বাদ পড়ায় আমি হতাশ নই। এমনকি এতে আমার খেলার কোনো সমস্যা হবে না। নেতৃত্ব নিয়ে কখনো ভাবিনি, এখনো ভাবছি না। আমি এখন শুধু ভাবছি বিসিবি কাপ নিয়ে।’নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘সাকিব-তামিমের বিষয়টি বিসিবির সিদ্ধান্ত। এ নিয়ে আমার কিছু বলার নেই। আমার কাজ দল নির্বাচন করা। এ ছাড়া আমাকে বিশেষ দায়িত্ব দিয়ে জিম্বাবুয়ে পাঠিয়েছিল বিসিবি। আমি আমার রিপোর্ট বিসিবির কাছে জমা দিয়েছি।’রিপোর্টে কী ছিল, এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘রিপোর্ট নিয়ে কথা না বলাই ভালো। রিপোর্ট হচ্ছে গোপনীয় বিষয়। সব কিছু প্রকাশ্যে বলে দিলে গোপনীয়তা থাকল কোথায়?’নতুন অধিনায়ক প্রসঙ্গে বাশার বলেন, ‘এটি বিসিবির বিষয়। আমার নয়। তবে সাবেক হিসেবে আমি বলব, পারফরম্যান্স আর অভিজ্ঞতা বিচার করেই অধিনায়ক নির্বাচন করা উচিত।’ বাসস।