নেতৃত্ব হারালেন টেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি দায়িত্ব ছাড়ব না’—পরশু পর্যন্ত দৃঢ়প্রতিজ্ঞই ছিলেন। কিন্তু সব বিবেচনা করে তাঁকে ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়াই মঙ্গলজনক মনে করল ইংলিশ ফুটবল সংস্থা (এফএ)। কেবল কোচ ফ্যাবিও ক্যাপেলোর জমানাতেই দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব হারালেন জন টেরি। কাকতালীয় ব্যাপার, ২০১০ সালেও ফেব্রুয়ারির শুরুতেই অধিনায়কত্ব হারিয়েছিলেন। সেবার অপরাধ ছিল নৈতিক স্খলন। নিজের স্ত্রীকে লুকিয়ে এক সতীর্থের প্রেমিকার সঙ্গে পরকীয়া। এবার আরেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের ভাই অ্যান্টনের সঙ্গে বর্ণবাদী আচরণ করার অভিযোগে অভিযুক্ত।এই অভিযোগে শুনানি চলছে লন্ডনে আদালতে। ১ ফেব্রুয়ারি শুনানিতে হাজির হয়ে টেরির আইনজীবীরা চেলসি অধিনায়ককে পুরোপুরি নির্দোষ দাবি করেছেন। ওই দিনই আগামী জুলাই পর্যন্ত শুনানি স্থগিত করা হয়। তত দিনে ইউরো ২০১২ শেষ হয়ে যাবে। ফলে ওই টুর্নামেন্টে খেলতে কোনো বাধা থাকল না টেরির। কিন্তু ইউরোপের মর্যাদার এই আসরে দলকে নেতৃত্ব দেওয়া তাঁর হচ্ছে না। এফএ মনে করেছে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেরিকে সাময়িকভাবে অধিনায়কের পদ থেকে সরিয়ে রাখাই ভালো। গত অক্টোবরে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের অ্যান্টন ফার্ডিনান্ডের সঙ্গে টেরি বর্ণবাদী আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এর পর টেরির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় কি না, সেটি খতিয়ে দেখতে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দেন লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত। এরই প্রেক্ষিতে আলোচনার পর এফএর বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় টেরির অধিনায়কত্বের ব্যাপারে। নতুন অধিনায়কের নাম ঘোষণা না করা হলেও লিভারপুলের স্টিভেন জেরার্ডের নামই শোনা যাচ্ছে। ওয়েবসাইট।